কারিনার আকুতি!
‘দয়া করে আমাকে কারিনা কাপুর খান নামে ডাকুন। ক্রমাগত সবাইকে এ অনুরোধ করে যাচ্ছি আমি। কারণ, এটাই এখন আমার আসল নাম। তা-ই নয় কি?’—দীর্ঘদিনের প্রেমিক ও সহকর্মী সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর সম্প্রতি এমন উক্তিই করেছেন বলিউডের অভিনেত্রী ও পতৌদির নবাব পরিবারের নতুন সদস্য কারিনা কাপুর খান। সচরাচর বলিউডের অভিনেত্রীরা বিয়ের পর নিজেদের নাম পরিবর্তনে খুব একটা আগ্রহ দেখান না। যে নামে তারকা খ্যাতি পেয়েছেন, সে নামটিই আঁকড়ে থাকতে চান। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম দৃষ্টান্ত দেখিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বিয়ের পর নামের শেষে বচ্চন অংশটি যোগ করেছেন। শুধু যোগই করেননি, সবাই যেন তাঁকে এ নামেই ডাকেন, সেটাও নিশ্চিত করেছেন। এবারে সেই একই পথে হাঁটলেন কারিনা। তিনি মনেপ্রাণে চাইছেন, সবাই যেন তাঁকে কারিনা কাপুর খান নামেই ডাকে। এ প্রসঙ্গে কারিনার ভাষ্য, ‘এটা ঠিক যে বিয়ের পর আমি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করিনি। কিন্তু যেহেতু সাইফ আমার স্বামী এবং তাঁর নামের শেষের অংশটি চমত্কার, তাই কারিনা কাপুর খান নামেই সবার কাছে পরিচিত হতে চাই আমি।’ এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে। আগামী জানুয়ারি মাসে প্রকাশ ঝা প্রযোজিত ও পরিচালিত ‘সত্যাগ্রহ’ ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন কারিনা। ছবিটিতে নিজের চরিত্র নিয়ে তিনি খুবই খুশি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এমন স্বপ্নের মতো চরিত্রে অভিনয়ের সুযোগ আমার জীবনে আগে কখনোই আসেনি।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি। অভিনয় জীবন থেকে প্রায় সবকিছুই পেয়েছি। কিন্তু সাধ মেটেনি আমার। অন্তত ৮০ বছর পর্যন্ত অভিনয় চালিয়ে যেতে চাই আমি।’