কারিনার চার ঘণ্টার ফোন কল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বোধহয় চার ঘণ্টা মোবাইল ফোনে কথা বলে রেকর্ডই করলেন কারিনা কাপুর খান। অভিযোগ উঠেছে, বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর খান সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রের পুরো শুটিং ইউনিটকে স্রেফ এক ফোন কলের জন্য চার ঘণ্টা অপেক্ষায় থাকতে বাধ্য করেছেন।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘মিড-ডে’ জানিয়েছে, ভারতের একটি মোটর সাইকেল ব্র্যান্ডের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন কারিনা। সম্প্রতি এর একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। প্রথম দৃশ্যটির শুটিংয়ের জন্য প্রস্তুত হতে তিনি চার ঘণ্টা সময় নিয়েছেন। মূলত ফোনে কথা বলার পেছনে ব্যয় করার কারণেই এতটা সময় লেগেছে তাঁর। অবশ্য ফোনের ওপারে কারিনার স্বামী সাইফ আলী খান ছিলেন কি না তা সঠিক জানা যায়নি।সূত্রটি আরও জানিয়েছে, কারিনা কিছুদিন আগে মুম্বাইয়ে বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ে অংশ নেন। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে ঘণ্টার পর ঘণ্টা তিনি ফোন আলাপে ব্যস্ত ছিলেন। এজন্য প্রায় চার ঘণ্টা অলস সময় পার করতে হয়েছে শুটিং ইউনিটকে। এদিকে বিষয়টিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন কারিনার মুখপাত্র। তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। কারিনা বরাবরই পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। যে কোনো শুটিং সেটে তিনি সব সময় সঠিক সময়ে হাজির হন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি কুচক্রী মহল কারিনার বিরুদ্ধে অপেশাদার আচরণের গুজব ছড়াচ্ছে। বানোয়াট এসব গুজবের কোনো ভিত্তি নেই।’