কারিনার প্রতি অসন্তুষ্ট ঐশ্বরিয়া
পরিচালক মধুর ভান্ডারকার এর হিরোইন ছবি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও কারিনা কাপুর। প্রথমদিকে হিরোইন ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ঐশ্বরিয়া। ছবিটির বেশ কিছু প্রচারণায়ও অংশ নেন তিনি। পরবর্তীতে ঐশ্বরিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সব হিসেব-নিকেশ পরিবর্তন করতে হয় পরিচালককে। অনেকটা বাধ্য হয়ে বাদ দিতে হয় ঐশ্বরিয়াকে। অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে হিরোইন ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পরিচালক কারিনা কাপুরকে নির্বাচন করেছেন।দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কারিনার হিরোইন ছবিতে কাজ করাটাকে খুব সহজেই মেনে নিতে পারেন নি ঐশ্বরিয়া। পরিচালক মধুর ভান্ডারকারের এ ধরনের সিদ্ধান্তে বেশ আহতই হয়েছেন ঐশ্বরিয়া। অন্যদিকে হিরোইন ছবির টিমের প্রশংসা করে কারিনা কাপুর বলেন, ছবিটির গল্প আসলে আমাকে ঘিরেই তৈরি হয়েছে। এদিকে কিছুদিন আগে ছবিতে চুক্তিবদ্ধ হওয়া বাবদ অগ্রিম টাকা ঐশ্বরিয়া ফিরিয়ে দিয়েছেন পরিচালককে। উল্লেখ্য বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও কারিনা কাপুরের দ্বন্দ্বটা অনেক আগেরই। বোন কারিশমা কাপুরের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই কারিনা কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দ্বন্দ্বটা শুরু হয়। এটা অনেকটা পারিবারিক দ্বন্দ্বে রূপ নেয়। আর এসব কারণেই এখন পর্যন্ত বলিউডের কোনো পরিচালক এই দুই অভিনেত্রীকে এক ছবিতে অভিনয় করতে রাজি করতে পারেন নি। আর বর্তমানে হিরোইন ছবিটির কারিনা কাপুরের অভিনয়ের ফলে দুজনের মধ্যকার দ্বন্দ্বটা নতুন করে আলোচনায় চলে এসেছে।