কারিনার প্রেমে বাদ সাধছে সাইফের জুতা-প্রেম!
বুট, লোফার থেকে শুরু করে নানা রঙের হরেক রকমের জুতায় ভর্তি সাইফ আলী খানের ঘর। জুতার প্রতি বাড়াবাড়ি রকমের অনুরক্ত পতৌদির এ নবাব ও বলিউডের অভিনেতা। শুধু কেনা নয়, প্রতি জোড়া জুতা পরিষ্কার ও যত্নআত্তির কাজেও তিনি প্রচুর সময় ব্যয় করেন। আর বিষয়টি নিয়ে খান সাহেবের ওপর বেজায় বিরক্ত বেগম কারিনা কাপুর খান। সাইফ আন্তর্জাতিক ফোন কলের চেয়ে জুতার পেছনেই বেশি সময় আর অর্থ ব্যয় করেন। দেড় বছর আগেই তাঁর ৬০ জোড়া জুতা ছিল। সাইফ তাঁর সংগ্রহে থাকা সব জুতার সঙ্গে মানুষের মতোই আচরণ করেন। পারলে যেন কথাও বলেন জুতার সঙ্গে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমন মজার তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।জুতার প্রতি সাইফের মাত্রাতিরিক্ত এই ভালোবাসা প্রসঙ্গে সূত্রটি আরও জানিয়েছে, বংশানুক্রমে জুতার প্রতি এই বিশেষ মায়া তিনি পেয়েছেন কি না তা অবশ্য নিশ্চিত করে বলা যায় না। তবে এই জুতা-প্রেম রীতিমতো ভয়ংকর পর্যায়ের।