কারিনার বিয়েতে শহিদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ অক্টোবর বিয়ের শানাই বাজবে বহুল আলোচিত বলিউডের তারকা জুটি সাইফ আলী খান ও কারিনা কাপুরের। এর পরপরই মুম্বাইয়ে এক বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। কাটা ঘায়ে নুনের ছিটা দিতেই কি না কে জানে, সে অনুষ্ঠানে সাবেক প্রেমিক শহিদ কাপুরকে আমন্ত্রণ জানানোর আগ্রহ প্রকাশ করেছেন কারিনা। হবু স্ত্রীর ইচ্ছের সঙ্গে সুর মিলিয়েছেন পতৌদির নবাব সাইফও। একটা সময় প্রেমের জোয়ারে ভেসেছেন বলিউডের দুই তারকা কারিনা কাপুর ও শহিদ কাপুর। কিন্তু পরে শহিদকে ছেড়ে সাইফের কাছেই নিজেকে সঁপেন কারিনা। পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে গাঁটছড়া বাঁধার দিনক্ষণ চূড়ান্ত করেছেন সাইফ-কারিনা। পরিবারের সদস্যদের উপস্থিতিতে হরিয়ানার পতৌদি প্রাসাদে ১৬ অক্টোবর বিয়ে করবেন সাইফ-কারিনা। এর পরপরই মুম্বাইয়ে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে কাকে কাকে আমন্ত্রণ জানানো হবে, এরই মধ্যে তার তালিকা তৈরির কাজও শুরু করে দিয়েছেন তাঁরা। আর সেই তালিকায় ঠাঁই পেয়েছেন শহিদ কাপুর! এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।অবশ্য অতীত ভুলে গিয়ে সাইফ-কারিনার বিবাহোত্তর সংবর্ধনায় শহিদ সশরীরে হাজির হন কি না, তা সময়ই বলবে।