কারিনার ‘না’
পারিশ্রমিকের বিনিময়ে এর আগে অনেক বিয়ের অনুষ্ঠানেই নাচলেও এখন থেকে এ ধরনের অনুষ্ঠানে আর নাচবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন পতৌদির নবাব পরিবারের নববধূ কারিনা কাপুর খান। ইদানীং বিয়ের অনুষ্ঠানে নাচের বিনিময়ে ছয় থেকে আট কোটি ভারতীয় রুপির প্রস্তাব আসছে তাঁর কাছে। কিন্তু লোভনীয় এসব প্রস্তাবকে তিনি একদমই পাত্তা দিচ্ছেন না। এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘আমি যে পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি সেই পরিবারের সদস্যদেরকে সবাই অনেক বেশি সম্মানের চোখে দেখেন। আমি এমন কোনো কাজ করতে চাই না যা তাঁদেরকে বিব্রত করতে পারে। টাকার বিনিময়ে আমি বিয়ের অনুষ্ঠানে নাচছি—বিষয়টি একদমই ভাবতে পারছি না।’ হিন্দুস্তান টাইমস এক খবরে এমন তথ্য জানিয়েছে। কারিনা আরও বলেন, ‘অন্তত এখন থেকে আর কখনও এ ধরনের অনুষ্ঠানে দেখা যাবে না আমাকে। এ ছাড়া এ প্রজন্মের অনেকেই আমাকে অনুসরণ করেন। তাঁদের সামনে আমি ভুল দৃষ্টান্ত স্থাপন করতে চাই না। আমি নিজে এ সিদ্ধান্ত নিয়েছি এবং এর কোনো নড়চড় হবে না।’ এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কারিনা অভিনীত ‘হালকাত জাওয়ানি’ এবং ‘ফেভিকল সে’ আইটেম গানগুলোর ব্যাপক জনপ্রিয়তার পর বিয়ের অনুষ্ঠানে তাঁকে দিয়ে নাচানোর জন্য উঠে-পড়ে লেগেছেন আয়োজকরা। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা কারিনার কাছে ছুটে আসছেন। মোটা অঙ্কের পারিশ্রমিকের লোভ দেখিয়ে তাঁর কাছ থেকে ইতিবাচক সাড়া পেতে চাইছেন। কিন্তু পরিবারের সুনাম ক্ষুণ্ন হতে পারে—এমন আশঙ্কায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রস্তাবগুলোকে ফিরিয়ে দিচ্ছেন কারিনা। সূত্রটি আরও জানিয়েছে, পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর এখন পর্যন্ত পেশাগত কাজে সাইফ কিংবা শ্বশুর বাড়ির সদস্যদের কাছ থেকে কোনো রকম বাধা পাননি কারিনা। কিন্তু খুব সম্ভবত তাঁর সাম্প্রতিক এ সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছেন সাইফ। টাকার বিনিময়ে বিয়ের অনুষ্ঠানে নেচে নবাব পরিবারের সম্মানে আঘাত দিতে চান না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কারিনা। বাড়তি উপার্জনের জন্য হর হামেশাই বিয়ের অনুষ্ঠানে নাচেন বলিউডের তারকারা। শাহরুখ খান, প্রিয়াংকা চোপড়া এবং ক্যাটরিনা কাইফের মতো প্রথম সারির তারকাও আছেন তাঁদের মধ্যে। সম্প্রতি এমনই এক বিয়ের অনুষ্ঠানে নেচে দুই কোটি রুপি ঝুলিতে ভরেছেন ক্যাটরিনা।