কারিশমার পরামর্শক কারিনা
বড় বোন কারিশমা কাপুরের জন্য দূতিয়ালি করছেন কারিনা কাপুর। বলছেন, ‘কারিশমা কাপুর দেখতে এখনো বেশ রূপসী। বলিউডের এখনকার অনেক নায়িকার চেয়ে তাঁকে দেখতে এখনো অনেক ভালো দেখায়।’ নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা কারিশমা বিয়ে করে সংসারকর্মে থিতু হয়েছিলেন। বছর পাঁচেকের লম্বা বিরতির পর সম্প্রতি তিনি ফের রুপালি পর্দায় ফিরছেন। ইতিমধ্যে ডেঞ্জারাস ইশক নামে একটি ছবির কেন্দ্রীয় চরিত্রে কাজ শুরু করেছেন। আইটেম গানেও কাজ করছেন। সঙ্গে বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাম লেখাচ্ছেন। কারিশমা নতুন করে কাজে ফেরায় কারিনার আনন্দ যেন আর ধরে না। খুশিতে গদগদ কারিনা তাই বললেন, ‘হেন কোনো বিষয় নেই আমরা দুই বোন একে অন্যের কাছে বলি না। কাপড়-চোপড় থেকে শুরু করে সম্পর্কের বিষয়-আশয় পর্যন্ত বাদ যায় না।’ তবে এখন কোনো সিদ্ধান্তের জন্য কারিনার শরণাপন্ন হতে হয় বড় বোনকে। কারণ, এখনকার বলিউডের থলের খবর কারিনার চেয়ে ভালো আর কে জানে! তাই কারিনা বড় বোনের পরামর্শকের মতো কাজ করছেন। মিড ডে।