কারিশমার পাঁচ ঘণ্টা ঢাকা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশে এবারই প্রথম এসেছি। এই দেশ সম্পর্কে আমার অন্য রকম একটা ধারণা ছিল। কিন্তু এখানে এসে তা একেবারেই বদলে গেছে। এই দেশটা খুব সুন্দর। এখানে এসে দেখি চারদিকে বেশ উৎসব উৎসব ভাব। সবার গায়ে নানা রঙের পোশাক। মুখে হাসি। সবাই একসঙ্গে রাস্তায় বেরিয়েছে। আমারও খুব ভালো লাগছে। আজ (বৃহস্পতিবার) বাংলা নববর্ষের প্রথম দিন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’ বললেন বলিউডের অভিনেত্রী কারিশমা কাপুর। গত বৃহস্পতিবার ঢাকায় ঘুরে গেলেন তিনি।কোনো ছবির কাজ কিংবা স্টেজ শোতে অংশ নেওয়ার জন্য নয়, কারিশমা ঢাকায় এসেছিলেন আসবাবপত্র প্রস্তুতকারী ও বিপণন প্রতিষ্ঠান কুইনস ফার্নিচারের একটি শোরুম উদ্বোধন করতে।বেলা দেড়টায় জেট এয়ারওয়েজের বিমানে ঢাকায় আসেন কারিশমা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি চলে যান হোটেল ওয়েস্টিনে। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেল চারটা নাগাদ যান বারিধারায় শোরুম উদ্বোধন করতে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বলিউডের আরেক অভিনেতা চাঙ্কি পান্ডে।এই শোরুমে তিনি প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন। ফিতা কেটে উদ্বোধনের পর তিনি কেক কাটেন, শোরুম ঘুরে দেখেন। আমন্ত্রিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। সন্ধ্যা ছয়টায় ভারতের মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন কারিশমা।যাওয়ার আগে কারিশমা জানান, আমন্ত্রণ পেলে আবারও ঢাকায় আসবেন তিনি।