কারুপণ্যের নান্দনিক সমারোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরপাশে তাকালে মন ভরে ওঠে। মাঝেমধ্যে কানে ভেসে আসে বাঁশির সুর, একতারা-দোতারার টুংটাং। চারদিকে রঙের মেলা। মুখোশ, টেপা পুতুল, পটচিত্র, শীতলপাটি, শতরঞ্জি, বাঁশ-কাঠের তৈজসপত্র আরও কত কী! চোখজুড়ানো গড়ন আর নকশা। দর্শকেরাও মুগ্ধতা নিয়ে ঘুরে ঘুরে দেখছিলেন পণ্যসম্ভার, দেখছিলেন কারুশিল্পীদের সুনিপুণ হাতে কেমন করে তৈরি হচ্ছে সেসব। অভিভূত কেউ কেউ অস্ফুট স্বরে বলছেন, বাহ্! জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার শুরু হয়েছে পাঁচ দিনের কারুমেলা। মেলাটি দারুণ সাড়া জাগিয়েছে দর্শকদের মধ্যে। প্রথম দিন থেকেই নানা বয়সের, নানা শ্রেণীর দর্শক সেখানে ভিড় করছে। ৪৩টি কারুশিল্প-মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪২ জন শিল্পী মেলায় অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে চারজন পেয়েছেন এ বছরের শ্রেষ্ঠ কারুশিল্পীর পুরস্কার।গতকাল সোমবার দুপুরে কারুমেলায় গিয়ে দেখা গেল বিপুল দর্শক। ঐতিহ্যমণ্ডিত নানা কারুশিল্পসামগ্রী পরখ করে দেখছেন, দরদাম করে কেনাকাটা করছেন অনেকে। নানা রঙের পটচিত্র কিংবা নকশিকাঁথা থেকে শুরু করে শখের হাঁড়ি, হোগলা, শোলাশিল্প, চর্মশিল্প, অলংকার, শতরঞ্জি, মৃৎশিল্প, কাঁসা-পেতল শিল্প, আর কাঠ ও আদিবাসীদের বাঁশের নানা সামগ্রী শোভা পাচ্ছে মেলায়। রঘুনাথের পটচিত্রগুলোর সামনে অনেক সময় নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দর্শকদের। কথা হলো পটচিত্রশিল্পী রঘুনাথের সঙ্গে। তাঁর বাড়ি গাইবান্ধা হলেও থাকেন ঢাকায়। প্রদর্শনীতে তিনি এনেছেন গাজীর পট, পঞ্চপাণ্ডব, মনসামঙ্গল, পার্বতী, গণেশ, লক্ষ্মীসহ নানা লোককাহিনিভিত্তিক পট। নারায়ণগঞ্জের জিয়ানগর থেকে এসেছেন সুচিত্রা সূত্রধর। রঙিন সুতোর বুননে তিনি তৈরি করেন হাতপাখা। জানালেন, ছোটবেলা থেকে শখের বশে এ কাজটি করে আসছেন। এখন এটি হয়ে গেছে তাঁর পেশা। লালনের গ্রাম কুষ্টিয়ার ছেঁউড়িয়া থেকে এসেছেন শাহাবউদ্দিন। তিনি তৈরি করেন একতারা। বাদনেও সিদ্ধহস্ত তিনি। বললেন, ‘জীবনে এই একতারা আর গানের বাইরে কিছু ভাবিনি। সাঁইজি (লালন ফকির) আমার সব কাজের প্রেরণা।’ টাঙ্গাইলের দয়াল কর্মকার ও রামকৃষ্ণ কর্মকার সাজিয়েছেন নান্দনিক কারুকাজের অলংকার। তাঁদের দুজনেরই পেশা এটি। দারুশিল্পী আবদুুল আউয়াল মোল্লা কাঠের ওপর বিচিত্র নকশা করে তৈরি করেছেন নানা তৈজসপত্র। মোমদানি থেকে শুরু করে টেবিল ল্যাম্প, নারকেল কোরানিসহ নিত্যদিনের ব্যবহার্য বিভিন্ন জিনিসকে তিনি দিয়েছেন শৈল্পিক রূপ। এ ধরনের জিনিসই বান্দরবানের মনু মারমা তৈরি করেছেন বাঁশ দিয়ে। তাঁর পাশেই সুবল তঞ্চঙ্গ্যার পসরা। তিনি তৈরি করেছেন তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী বস্ত্র। এ ছাড়া আছে টেপা পুতুল, শোলা, হোগলার সামগ্রী ইত্যাদি। সব মিলিয়ে আবহমান বাংলার কারুশিল্পের বিপুল সম্ভারে বৈচিত্র্যময় হয়ে উঠেছে ব্যতিক্রমী এ আয়োজন। আগামীকাল বুধবার প্রদর্শনীর শেষ দিন। শিল্পকলায় ‘আমিনা সুন্দরী’‘জীবন তো একটাই। সুখ-দুঃখ হাসি-কান্না সব এই এক জীবনের মধ্যে। জীবন শেষ তো বেবাক শেষ।’ কান্নামাখা কণ্ঠে চিৎকার করে বলছিল আমিনা। সবাই তাকে আমিনা সুন্দরী বলে ডাকে। নাটকের চরিত্র আমিনা যখন সংলাপটি বলছিল, তখন শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নীরবতা। আমিনার কষ্টে যেন দর্শকও ব্যথিত। আমিনা সুন্দরী কোনো নির্দিষ্ট সময়ের গল্প নয়, এ গল্প সর্বকালের, পৃথিবীর সব মানুষের জীবনের সত্য। প্রায় ৩০০ বছরের পুরোনো লোককাহিনি নছর মালুম ও ভেলুয়া সুন্দরী অবলম্বনে গড়ে উঠেছে থিয়েটার আর্ট ইউনিটের নাটক আমিনা সুন্দরী। পুরুষশাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনাকে উপজীব্য করে রচিত এই নাটকের ৩১তম প্রদর্শনী হলো গতকাল সোমবার। পতিনিষ্ঠ আমিনা সুন্দরীর স্বামী নছর পেশায় ব্যবসায়ী। ব্যবসার উদ্দেশ্যে পাড়ি জমায় ভিনদেশে। এই বিদায় আমিনার জীবনে নেমে আসে বিভীষিকা। নছর ভিনদেশি নারীকে বিয়ে করে সংসার বাঁধে। আমিনা নানা ঘাতপ্রতিঘাতের পর বন্দী হয় এক সওদাগরের ঘরে। এমনই নাটকীয় গল্পের সংগীতনির্ভর নাটক আমিনা সুন্দরী দেখতে গতকাল নাট্যশালা মঞ্চ ছিল দর্শকে পরিপূর্ণ। আমিনা সুন্দরী লিখেছেন এস এম সোলায়মান। নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। এটি থিয়েটার আর্টের ১২তম প্রযোজনা।মযহারুল ইসলাম কবিতা পুরস্কারদেশের অন্যতম প্রধান কবি আবুল হোসেন বাংলা একাডেমীর পরিচালিত মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১০-এ ভূষিত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল চারটায় একাডেমীর সেমিনারকক্ষে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে।