
প্রদর্শনীকক্ষে প্রবেশপথ তৈরি করা হয়েছে কুঁড়েঘরের আদলে। প্রথম দর্শনে দর্শক অনুভব করবেন যেন এক পাড়াগাঁয়ের বাড়িতে ঢুকছেন। নাকে ভেসে আসে খড়ের গন্ধ। সুপরিসর কক্ষের ভেতরের পরিবেশটাও গ্রামীণ। মাঝে মাঝে কানে ভেসে আসে বাঁশির সুর, একতারা, দোতারার টুংটাং। চারদিকে রঙের মেলা। মুখোশ, টেপা পুতুল, পটচিত্র, শীতলপাটি, শতরঞ্জি, বাঁশ-কাঠের তৈজসপত্র, সিনেমা ব্যানার, শঙ্খশিল্প আরও কত কী!
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে জাদুঘরের উদ্যোগে গতকাল রোববার থেকে শুরু হয়েছে সাত দিনের এ প্রদর্শনী। ‘বাংলাদেশ জাতীয় জাদুঘরের বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগ জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে কারুশিল্প প্রদর্শনীর আয়োজন করেছে। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।
প্রদর্শনীতে রয়েছে সারা দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প পণ্যের বৈভবমণ্ডিত সমারোহ। প্রথম দিন থেকেই ভিড় জমেছে প্রচুর। রোববার দুপুরে দেখা গেল দর্শকেরা গভীর আগ্রহে নানা কারুশিল্পসামগ্রী পরখ করে দেখছেন। দরদাম করে কেনাকাটা করছেন অনেকে। জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস জানান, দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পকে বিলুপ্তির হাত থেকে রক্ষা ও কারুপণ্যের সঙ্গে জনগণকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীতে ৩৯ জন শিল্পী তাঁদের শিল্পকর্ম নিয়ে অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে রয়েছেন, জামদানি নিয়ে এনামুল হক, আবুল খায়ের ও মো. জামাল মিয়া, নকশিকাঁথা নিয়ে রুনা বেগম, কহিনূর বেগম, রিকশা পেইন্টিং নিয়ে রফিকুল ইসলাম, সৈয়দ আহমেদ হোসেন, শোলাশিল্প নিয়ে গোপেন্দ্রনাথ চক্রবর্তী, বেতশিল্প নিয়ে মো. জয়নাল, টেরাকোটা ও মাটির পুতুল নিয়ে সুবোধ চন্দ্র পাল, নকশি পিঠা নিয়ে শামসুন্নাহার, শঙ্খশিল্প নিয়ে অনুপ নাগ, শীতলপাটি নিয়ে অরুণ চন্দ্র দাস, হরেন্দ্র কুমার দাস, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বুননশিল্প নিয়ে নিতা চাকমা, রিটান চাকমা, কনিকা চাকমা ও ডনরাম ম্রো, সিনেমা ব্যানার নিয়ে সিতেশ কুমার সুর, ঢোলশিল্প নিয়ে শিবনাথ শিবু, পটশিল্প নিয়ে সুকুমার পাল, শামসুন্নাহার, লিপি আক্তার, বাঁশি নিয়ে কমল চন্দ্র সরকার, গাজীরপট নিয়ে শম্ভু আচার্য, একতারা-দোতরা নিয়ে শরিফুল ইসলাম, কাঠের পুতুল নিয়ে আশুতোষ সূত্রধর, ট্রাক পেইন্টিং নিয়ে দেবু আচার্য, ধাতবশিল্প নিয়ে মানিক সরকার, বাবুল আক্তার চৌধুরী, মেহেদি শিল্প নিয়ে নিলুফার বেগম, পটারি নিয়ে সুবল চন্দ্র পাল প্রমুখ।
৭ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে।