কারুশিল্প পুরস্কার পেলেন ছাফিয়া বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীলু আবেদ কারুশিল্প পুরস্কার ২০১৫ বিজয়ী ছাফিয়া বেগমকে মালা পরিয়ে দিচ্ছেন মালেকা খান। পাশে ফজলে হাসান আবেদ ও মাহিন খান l ছবি: প্রথম আলো
শীলু আবেদ কারুশিল্প পুরস্কার ২০১৫ বিজয়ী ছাফিয়া বেগমকে মালা পরিয়ে দিচ্ছেন মালেকা খান। পাশে ফজলে হাসান আবেদ ও মাহিন খান l ছবি: প্রথম আলো

বাংলাদেশের পাটের তৈরি কারুশিল্প কেড়ে নিয়েছে বিশ্ববাসীর মন। সেই কারুশিল্পে ২০১৫ সালের শীলু আবেদ কারুশিল্প পুরস্কার ও আজীবন সম্মাননা পেলেন গাজীপুরের শিল্পী ছাফিয়া বেগম। এ বছর পুরস্কারের জন্য বেছে নেওয়া হয় প্রাকৃতিক তন্তু পাটকে। এ পর্যন্ত ১৭টি শিল্পে ৪৬ জনকে এ পুরস্কার দিয়ে আসছে কারুশিল্প পরিষদ।
শীলু আবেদ ট্রাস্টের পৃষ্ঠপোষকতা ও ব্র্যাকের সহযোগিতায় এ পুরস্কার দেয় বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ। আড়ংয়ের প্রয়াত পরিচালক শীলু আবেদের নামে এ পুরস্কার প্রবর্তন করা হয় ১৯৯৮ সালে।
গতকাল বিকেলে রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও পুরস্কার দেওয়া হয় পাঁচ শিল্পীকে। তাঁরা হলেন সরলা গমেজ, আনোয়ারা বেগম, মেরেজান বেগম, রাজিয়া বেগম ও সন্ধ্যা মণ্ডল।
বাংলাদেশের কারুশিল্পের পৃষ্ঠপোষক শীলু আবেদের জন্মদিন ছিল গতকাল। তাঁকে স্মরণ করে তাঁর দীর্ঘদিনের সহকর্মী মালেকা খান বলেন, ‘শীলু একাধারে ছিলেন রূপবতী ও গুণবতী। দেশের কারুশিল্প নিয়ে তাঁর ছিল অনেক স্বপ্ন। আমরা সবাই মিলে তাঁর সেই স্বপ্নকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
দর্শক সারি থেকে হুইলচেয়ারে করে এগিয়ে এলে ছাফিয়া বেগমকে সম্মাননা জানাতে মঞ্চ থেকে নেমে আসেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা, প্রতিষ্ঠাতা সদস্য মালেকা খান এবং আড়ংয়ের সিওও মো. আবদুর রউফ। তাঁর হাতে এক লাখ টাকার সম্মাননা চেক তুলে দেন স্যার ফজলে হাসান আবেদ।
সম্মাননাপ্রাপ্ত ছাফিয়া বেগম বারবার জুট অফিসকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁদের সহযোগিতা পেয়েই তিনি সংসার চালিয়েছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সমন্বয়ক মাহিন খান। সম্মাননা প্রদানের পর মিলনায়তনের বাইরে পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের কাজের একটি প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা।