কারুশিল্পের চোখ জুড়ানো সম্ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরে কারুশিল্প মেলার একটি স্টল ষ ছবি: প্রথম আলো
জাতীয় জাদুঘরে কারুশিল্প মেলার একটি স্টল ষ ছবি: প্রথম আলো

খড়ের ছাউনি দেওয়া গ্রামীণ কুঁড়েঘরের আদলে চমৎকার একটি তোরণ তৈরি করা হয়েছে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষের সামনে। সেই তোরণের ভেতর দিয়ে এগিয়ে গেলেই চোখে পড়বে সারি সারি নৌকা। পানসি, হরোঙ্গা, বজরা, করপাই, ডিঙি, বালাম—এমন অনেক নৌকা। সাজিয়ে রাখা হয়েছে দেয়ালের সঙ্গে যুক্ত তাকে। তার সামনে বসে নৌকা তৈরি করছেন পাবনার বেড়া উপজেলার কারিগর ভজন চন্দ্র সূত্রধর ও তাঁর সহকারীরা।
জাতীয় জাদুঘরের জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগ আয়োজিত কারুশিল্প প্রদর্শনীতে দেশের ঐতিহ্যবাহী নৌকার এই সমাহার ঘটিয়েছেন ভজন চন্দ্র। প্রদর্শনী কক্ষের ভেতরে হরেক রকমের কারুপণ্যের দৃষ্টিনন্দন সমারোহ। ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী। মেয়াদ ছিল ৭ ডিসেম্বর পর্যন্ত। তবে তা দুই দিন বাড়িয়ে করা হয়েছে ৯ ডিসেম্বর। আজ এই প্রদর্শনীর শেষ দিন।
জাতীয় জাদুঘর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর নান্দনিক বোধ ও সৃজনশীলতায় মূর্ত কারুকাজময় ব্যবহারিক পণ্যগুলো সংরক্ষণ ও বৃহত্তর জনসাধারণের কাছে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে সংগ্রহ ও নিয়মিত বার্ষিক প্রদর্শনীর আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় চলছে এই প্রদর্শনী। চলতি বছরের ২০ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে অনুষ্ঠিত ‘সেটাচি আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল’-এ বাংলাদেশের ৩৯ জন কারুশিল্পী অংশ নিয়েছিলেন। সেই কারুশিল্পীদের কাজ নিয়েই এবার জাদুঘরের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে রয়েছে জামদানি, নকশিকাঁথা, রিকশার চিত্র, সিনেমা ব্যানার,পটচিত্র, শোলা, বেত, বাঁশ, শঙ্খ, ধাতব শিল্প, নানা ধরনের বাদ্যযন্ত্র, টেরাকোটা, মাটির পুতুল, নকশি পিঠা, শীতলপাটি, ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর বুনন, লক্ষ্মী সরা, শখের হাঁড়ি, মৃৎপাত্র, কাঠের ও মাটির পুতুল এসব।