গ্রাম থেকে ঢাকায় আসা এক অতিথি গৃহস্বামীকে বলছেন, ‘হের চেয়ে আমাদের গেরামই ভালো। এত ঘন ঘন কারেন্ট যায় না। সকালে গেলে একেবারে পরের দিন সকালে আসে।’ এটি একটি কার্টুনের বিষয়বস্তু। আরেকটি এ রকম—ছাতা মাথায় এক পথচারী আরেক পথচারীকে বলছেন, ‘রোদ-বৃষ্টি নাই, তাতে কী? ওপরের তারগুলোর অবস্থা দেখছেন না? কখন ছিঁইড়া মাথায় পড়ে...একটু সাবধানে থাকা ভালো না?’রাজধানী ঢাকার জনদুর্ভোগ আর সমাজের নানা অসংগতি নিয়ে আঁকা ৭১টি কার্টুনের প্রদর্শনী চলছে জাতীয় প্রেসক্লাব চত্বরে। ৩৪ জন তরুণ কার্টুনিস্ট এঁকেছেন কার্টুনগুলো। কখনো তীব্র শ্লেষ ও বিদ্রূপাত্মক ভঙ্গিতে বিষয়বস্তুগুলো উপস্থাপন করেছেন তাঁরা। এ প্রদর্শনী শুরুর মধ্য দিয়ে গতকাল রোববার কার্টুনিস্টদের সংগঠন ‘বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ ঘটল। প্রদর্শনী স্থলে রাখা একটি ক্যানভাসে কার্টুন এঁকে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি শিল্পী কাইয়ুম চৌধুরী। এরপর একই ক্যানভাসে এক এক করে কার্টুন আঁকেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কমিটির সদস্য শিল্পী রফিকুন নবী, আহসান হাবীব ও শিশির ভট্টাচার্য্য।এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ও উপদেষ্টা কমিটির সদস্যরা বলেন, ‘কার্টুনিস্টদের স্বার্থ রক্ষার্থে এমন একটি সংগঠন আরও অনেক আগেই হওয়া উচিত ছিল। আমরা তা করতে পারিনি, তরুণ কার্টুনিস্টরা পেরেছে। এ জন্য তাদের অভিনন্দন।’ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কার্টুনিস্ট আবু হাসান বলেন, বাংলাদেশের কার্টুন ও কার্টুনশিল্পীদের জন্য একটি সাধারণ মঞ্চ হিসেবে কাজ করবে এ সংগঠন। এরই মধ্যে অ্যাসোসিয়েশনের সভায় সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটি কার্টুনশিল্পের একটি মজুরি তালিকা প্রণয়ন করেছে। অ্যাসোসিয়েশন প্রতিবছর একাধিক কার্টুন প্রদর্শনীর আয়োজন করবে। বাছাইকৃত কার্টুনগুলো একটি অনলাইন গ্যালারিতে রাখা হবে এবং বই আকারে প্রকাশ করা হবে। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হক।প্রদর্শনী চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন প্রদর্শনের জন্য কার্টুনগুলো চত্বরে রাখা হবে বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। প্রদর্শনীর মিডিয়া পার্টনার দৈনিক প্রথম আলোর ফান ম্যাগাজিন ‘রস+আলো’।বিমূর্ত ভাবনার নাটক ‘অহম তমসায়’শীতের সন্ধ্যায় শিল্পকলা একাডেমী চত্বরে ছিল নিরিবিলি পরিবেশ। কিন্তু পরীক্ষণ থিয়েটারের ভেতরের ছবিটা ভিন্ন। মহাকাল নাট্যসম্প্রদায়ের নাটক অহম তমসায় দেখতে আসা নাট্যানুরাগীদের উপস্থিতিতে আসন ছিল পূর্ণ। গতকাল ছিল নাটকটির ২৫তম প্রদর্শনী।নাটকটি রূপকধর্মী। জীবিতকালে নানা অপরাধে লিপ্ত সৃষ্টিকর্তার অভিশাপগ্রস্ত এক মানবাত্মা নরক থেকে বিতাড়িত হয়ে ফিরেছে মর্তে। গতজীবনের তার দুষ্কর্মের কথা সে বলে বেড়ায় বিভিন্নজনের কাছে। রোহেল মৃধা নামের এই প্রধান চরিত্রের মধ্য দিয়ে বর্তমান সময়ের চালচিত্র তুলে ধরা হয়েছে নাটকে। সেখানে আছে মূল্যবোধের অবক্ষয়, লোভ-লালসার উৎকট প্রকাশের কাছে বিপর্যস্ত নীতি-নৈতিকতা, হত্যা, সন্ত্রাসের প্রসঙ্গ। এর সঙ্গে আছে স্বর্গ কল্পনার সঙ্গে জাগতিক সুখের নানা বর্ণিল আয়োজন। এই রূপকধর্মী নাটকটির নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।অহম তমসায় মহাকাল নাট্যসম্প্রদায়ের ২৪তম প্রযোজনা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, পলি বিশ্বাস, রাজন্য তসলিম, সৈয়দ ফেরদৌস ইকরাম, ইকবাল চৌধুরী প্রমুখ।কুমিল্লায় শেষ হলো রবীন্দ্র উৎসবনিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আয়োজিত রবীন্দ্র উৎসব গতকাল শেষ হয়েছে। সমাপনী দিনে বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সরোয়ারকে সম্মাননা দেওয়া হয়। সন্ধ্যায় কুমিল্লা টাউন হলে তাঁর হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন। ছয় দিনব্যাপী অনুষ্ঠিত উৎসবের সমাপনী দিনে পাপিয়া সরোয়ার ও কিশোয়ার কামাল গান গেয়ে শোনান।এ ছাড়া এদিন ছিল ‘বাঙালি জাতিসত্তার বিকাশ ও উত্তরণে রবীন্দ্রনাথ, নজরুল ও বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার। শেষে নৃত্যনাট্য চণ্ডালিকা ও চাঁদপুরের সপ্তরূপা নৃত্য শিক্ষালয় নৃত্য পরিবেশন করে|