কার্টুনে দুর্নীতির চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিকে কার্টুনের মাধ্যমে বিচিত্রভাবে উপস্থাপন করেছেন তরুণ শিল্পীরা। দুর্নীতি নিয়ে কার্টুন এঁকে অনেকে পেয়েছেন পুরস্কার। পুরস্কারপ্রাপ্ত এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া দুর্নীতিবিরোধী কার্টুন নিয়ে গতকাল রোববার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শুরু হয়েছে প্রদর্শনী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সপ্তম দুর্নীতিবিরোধী এ কার্টুন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কার্টুনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি এবং শিল্পী হাশেম খান ও রফিকুন নবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আরও উপস্থিত ছিলেন কার্টুনিস্ট আহসান হাবীব।প্রধান অতিথির বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘মুক্তিযুদ্ধে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজকের তরুণসমাজ সেই বাংলাদেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। আমাদের তরুণসমাজ কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না।’ হাশেম খান বলেন, ‘তরুণ শিল্পীরা সমাজের অসংলগ্ন বিষয় সত্যনিষ্ঠভাবে কার্টুনের মাধ্যমে তুলে ধরেছে।’ বিশিষ্ট কার্টুনিস্ট রফিকুন নবী তাঁর বক্তব্যে বলেন, ‘দুর্নীতি অনেক দিন থেকেই আমাদের পিছু নিয়েছে। কার্টুন দুর্নীতির বিরুদ্ধে কাজ করার একটি শক্তিশালী মাধ্যম। এই মাধ্যমে আমাদের তরুণ কার্টুনিস্টরা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালন করবে।’অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০১২-এর বিজয়ী ও বিশেষ মনোনয়নপ্রাপ্ত কার্টুনিস্টদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এবারের প্রতিযোগিতায় ক বিভাগে (১৩-১৮ বছর) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে হাসান মাহ্মুদ, নাইমুর রহমান এবং ফাইয়াজ মোহাম্মদ ইশরাক। খ বিভাগে (১৯-৩৫ বছর) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে আরাফাত করিম, মানবেন্দ্র গোলদার এবং মেহেদি হক। এ ছাড়া দুটি বিভাগ থেকে মোট ৫০টি কার্টুনকে বিশেষ মনোনয়ন দেওয়া হয়। প্রতিযোগিতায় দুটি বিভাগের বিজয়ী ও বিশেষভাবে মনোনীত ৫৬টি কার্টুন নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।বেলা সাড়ে তিনটায় আয়োজিত হয় দুর্নীতিবিরোধী এক মানববন্ধন। ‘দুর্জয় তারুণ্যে, বিজয়ের চেতনায় দুর্নীতি রুখবই’ এ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়কে মানববন্ধনে ঢাকা ইয়েস এর সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সমমনা সংগঠনের নেতাসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।