
আমি তখন মিরপুর হজরত শাহ আলী স্কুলে পড়ি। ক্লাস সেভেনে। তখন কেউ একজন আমার ব্যাগে একটা কার্ড রেখে যায়। বুঝতে পারছি কার্ডে অনেক কিছু লেখা আছে, কিন্তু তা খুলে পড়ার কোনো আগ্রহ হয়নি। কার্ড নিয়ে কী করব, ভেবে পাচ্ছিলাম না। পরে কার্ডটি গল্পের বইয়ের ভেতর রেখে দিই।
আব্বা খুব বই পড়তেন। রাতে তাঁর কিছু পড়া চাই-ই। আমি তখন ঘুমিয়ে পড়েছি। আব্বা গল্পের বইটি নিলেন পড়ার জন্য। আর তাতে কার্ডটি দেখে তিনি বেশ মুষড়ে পড়েন। আমাদের স্কুলের ক্লাস এইটের এক ছেলের নাম ছিল তাতে।
তখন অনেক রাত। আম্মা আমাকে ঘুম থেকে ডেকে তুললেন। আব্বার হাতে কার্ডটি দেখে বুঝতে আর বাকি রইল না। জিজ্ঞেস করলেন, কার্ডটি কে দিয়েছে?
বললাম, আমার এক বন্ধু। আমি কিন্তু তা খুলে দেখিনি।
সেদিন আব্বার মুখ দেখে ঘাবড়ে গিয়েছিলাম। আব্বাকে কখনো এতটা হতাশ হতে দেখিনি। আব্বা মুখে কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম, প্রেমকর্মটি আমাকে দিয়ে হবে না। আমাদের সময় প্রেমের ব্যাপারে বাবা-মা খুব সিরিয়াস ছিলেন। আমাদের বাইরে বের হতে দিতেন না। আমি যেহেতু বড় ছিলাম, সব সময় আব্বা-আম্মার চোখের সামনেই থাকতাম। পরে আব্বার কাছ থেকে শুনেছিলাম, কার্ডটা ছিল ভুল বানানে ভরপুর।
তবে প্রথম আমি একজনের প্রেমে পড়েছিলাম। তিনি দলীপ কুমার। যখন তাঁর প্রথম সিনেমা দেখি, তখন ক্লাস এইটে পড়ি। এরপর তাঁর সব ছবিই দেখেছি। তাঁর অভিনীত আজাদ ছবিটা যে কতবার দেখেছি, সেই সংখ্যা মনে নেই।
আমি অনেকের কাছ থেকেই প্রেমের প্রস্তাব পেয়েছি। নাঈমও কিন্তু তা-ই করেছে। ১৯৯০ সালে আমাদের প্রথম দেখা হয়। শুরুতে অভিনয় নিয়েই কথা হতো। কে কার চেয়ে ভালো অভিনয় করব, তা নিয়ে চাপা প্রতিযোগিতা ছিল আমাদের মাঝে। ১৯৯২ সালে আমাদের ছবি হিট হয়। আমাদের জুটি গড়ে ওঠে।
নাঈমের প্রেমের প্রস্তাবে সেদিন আমি সাড়া দিয়েছিলাম। এখন আমি তার সঙ্গেই আছি। সুখে আছি, শান্তিতে আছি।
অনুলিখন: মনজুর কাদের