কাল আজম খানের কুলখানি
কাল শুক্রবার পপসম্রাট আজম খানের কুলখানি অনুষ্ঠিত হচ্ছে। পারিবারিকভাবে আয়োজিত এই কুলখানি অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেই আজম খানের বন্ধু ও কমলাপুরবাসী। বাদ আসর কমলাপুর জসীমউদদীন রোডে নিজ বাসভবনের সামনের রাস্তায় এই কুলখানি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানালেন অকাল প্রয়াত আজম খানের দীর্ঘদিনের সহযোগী এ বি এম আবদুল মতিন।আবদুল মতিন আরও বলেন, ‘পুরো আয়োজনটি হচ্ছে পারিবারিক ও এলাকাবাসীর উদ্যোগে। তবে কালকের কুলখানিতে সমগ্র শিল্পীসমাজ, বিভিন্ন সংগঠন এবং আজম ভাইয়ের ভক্ত শুভানুধ্যায়ীদের অংশ নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।’জানা যায়, কালকের কুলখানিতে আজম খানের বিদেহী আত্মার শান্তি কামনা করে কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া করা হবে।উল্লেখ্য, ৫ জুন সকাল ১০টা ২০ মিনিটে সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পপসম্রাট আজম খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬২ বছর। তিনি দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন।