কাল আবিদের প্রথম মৃত্যুবার্ষিকী
দেখতে দেখতে বছর ঘুরে এল। কাল ২৯ জুলাই ক্লোজআপ ওয়ানখ্যাত অকালপ্রয়াত তরুণ কণ্ঠশিল্পী আবিদের প্রথম মৃত্যুবার্ষিকী। দিনটিকে সামনে রেখে কাল আবিদদের খুলনার বাসা ও গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল ও স্মরণ অনুষ্ঠান।‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ-২০০৫’ প্রতিযোগিতার শীর্ষ প্রতিযোগীদের একজন ছিলেন আবিদ শাহিরয়ার। সংগীতের মাধ্যমে জয় করেছিলেন লাখো ভক্তের হূদয়। কিন্তু গত বছরের ২৯ জুলাই অগণিত ভক্ত-শ্রোতা আর শুভাকাঙ্ক্ষীকে কাঁদিয়ে মর্মান্তিক এক দুর্ঘটনায় কক্সবাজারের সমুদ্রে ডুবে প্রাণ হারান তিনি।আবিদের বাবা মিনা মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, সকাল আটটা ১০ মিনিটে দৌলতপুরের ‘মহেশ্বর পাশা’য় আবিদের সমাধিস্থলে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। আয়োজন করা হয়েছে স্মরণসভারও। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন প্রফেসর মো. শফিউল্লাহ সরদার, গাজী শহীদুল্লাহ্ ও কমরেড সাইদুর রহমান। বাদ আসর আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল ও ইফতার পরিবেশন।আবিদের স্মরণসভা ও সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত থাকবেন আবিদের বাবা, মা, ছোট ভাই ও নিকটাত্মীয়স্বজন, সংস্কৃতিকর্মীসহ অনেকে।উল্লেখ্য, আবিদের গাওয়া গান নিয়ে তিনটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হলো—‘এত ভালোবাসি’ (রবীন্দ্রসংগীত), ‘ভালোবাসার প্রহর’ (আধুনিক) ও ‘নব আনন্দে জাগো’ (রবীন্দ্রসংগীত)।এ ছাড়া আবিদের মঞ্চে গাওয়া গান নিয়ে প্রকাশের অপেক্ষায় রয়েছে ‘হে বন্ধু হে প্রিয়’। এই অ্যালবামের শিরোনাম গানটিতে কণ্ঠ দিয়েছেন আবিদের ছোট ভাই বাঁধন শাহিরয়ার।