কাল আসছে 'পাতালপুরের গান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পাতালপুরের গান’ অ্যালবামের প্রচ্ছদ
‘পাতালপুরের গান’ অ্যালবামের প্রচ্ছদ

‘অতল জলের গান’-এর পর এবার ‘পাতালপুরের গান’ শোনানোর জন্য পুরোপুরি প্রস্তুত জনপ্রিয় গানের দল জলের গান। আগামীকাল ১ জুন প্রকাশিত হচ্ছে তাদের দ্বিতীয় অডিও অ্যালবাম ‘পাতালপুরের গান’। অ্যালবামটিতে নয়টি গান, একটি ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক এবং সাউন্ড ট্র্যাক মিলিয়ে মোট ১১টি ট্র্যাক থাকছে। অ্যালবামটি প্রকাশ উপলক্ষে দিনব্যাপী থাকছে নানা আয়োজন।

চ্যানেল আইতে টিভি লাইভ স্টুডিও কনসার্টের মাধ্যমে ১ জুন বেলা আড়াইটায় অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। মোড়ক উন্মোচনের সঙ্গে সঙ্গেই দেশাল ও যাত্রার সব প্রদর্শনী কেন্দ্রসহ সারা দেশের অডিও দোকানে জলের গানের অ্যালবামটি পাওয়া যাবে। পাশাপাশি অ্যালবামটি অনলাইনেও প্রকাশ করা হবে।

‘পাতালপুরের গান’ অ্যালবামের গানগুলো হল ‘গীতল চিঠি’, ‘এক কাপ চা’, ‘বাউলা বাতাস-২’, ‘এই পাগল!’, ‘ঘুম ভাঙানিয়া গান’, ‘পঙ্খিরাজ’, ‘পাখির গান’, ‘একাকী আসর’, ‘আন্ধার রাইতে’, ‘আর নাই কেউ’ এবং ‘নৈঃশব্দ্যে ঢেউ’।

প্রসঙ্গত, ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জলের গান। এরপর দীর্ঘ সময় ধরে মঞ্চ পরিবেশনায় ভিন্ন আঙ্গিকের গান পরিবেশন করে নিজস্ব শ্রোতা মহল তৈরি করে নেয় এ দলটি। ২০১৩ সালে শ্রোতাদের চাহিদার কারণে জলের গান প্রকাশ করে নিজেদের প্রথম অ্যালবাম ‘অতল জলের গান’। অ্যালবামটির সবগুলো গানই দারুণ শ্রোতাপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় এবার আসছে জলের গান ব্যান্ডের নতুন অ্যালবাম ‘পাতালপুরের গান’।