কাল কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই চলচ্চিত্র উৎ​সবে অংশ নিচ্ছে বাংলাদেশের ছবি ‘অজ্ঞাতনামা’
এই চলচ্চিত্র উৎ​সবে অংশ নিচ্ছে বাংলাদেশের ছবি ‘অজ্ঞাতনামা’

১১ নভেম্বর শুক্রবার কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হচ্ছে। এবার এই চলচ্চিত্র উৎসব ২২ বছরে পা দিল। এত দিন উৎসবের উদ্বোধন হয়ে আসছিল ভিন্‌ ভাষার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে। এবার এই প্রথম বাংলা চলচ্চিত্রের মধ্য দিয়ে ১১ নভেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে ২২তম চলচ্চিত্র উৎসবের। 

এই উৎসব উদ্বোধনে আসছেন বলিউডের একঝাঁক তারকা। আসছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, সঞ্জয় দত্ত, কাজল প্রমুখ তারকারা। এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী বাংলা ছবি ’বেঁচে থাকার গান’। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়। ছবির কাহিনি গড়ে উঠেছে এক বৃদ্ধাবাসের সুখদুঃখের গল্প নিয়ে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী এবং গার্গি রায় চৌধুরী। আরও অভিনয় করেছেন, পরান বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন, দামিনী বসু, অলকানন্দা রায়, অনামিকা সাহা, ইন্দ্রানী ভট্টাচার্য, প্রদীপ মুখোপাধ্যায় প্রমুখ তারকারা।
এই উৎসব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এই উৎসবে যোগ দিচ্ছে ৬৫টি দেশের ১৫৬টি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র। যোগ দিচ্ছে বাংলাদেশের ছবি ‘অজ্ঞাতনামা’। পরিচালনা করেছেন তৌকির আহমেদ ।