কাল চ্যানেল আই ‘চলচ্চিত্র মেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চলচ্চিত্র ৫৫ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে ‘চলচ্চিত্র মেলা’। এবার নিয়ে তৃতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হচ্ছে। কাল রোববার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন স্পিকার আবদুল হামিদ। অতিথি হিসেবে থাকবেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন (এনডিসি) এবং চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।‘চলচ্চিত্র মেলা’ সম্পর্কে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, এবার মেলায় বরেণ্য অভিনেত্রী আনোয়ারাকে আজীবন সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া বিশেষ সম্মাননা পাচ্ছেন চিত্রনায়ক আলমগীর, সোহেল রানা, উজ্জ্বল ও ফারুক, পরিচালক চাষী নজরুল ইসলাম এবং সংগীতে বিশেষ অবদানের জন্য সৈয়দ আব্দুল হাদী ও ফেরদৌসী রহমান। মেলায় চমক হিসেবে থাকবে ৫০-এর দশকের চলচ্চিত্রের ঘটনাবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নাচ, গান, অভিনয় মঞ্চায়ন ও রকমারি উপকরণসমৃদ্ধ ১৬টি স্টল। এ ছাড়াও থাকছে প্রয়াত শিল্পী-কলাকুশলীদের স্থিরচিত্র প্রদর্শনী। দিনব্যাপী চলচ্চিত্র মেলার অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সুবীর নন্দী, অ্যান্ড্রু কিশোর, রফিকুল আলম, কনকচাঁপা, মনির খান, আইয়ুব বাচ্চু, রিজিয়া পারভীন, আলম আরা মিনু, আগুন, সিঁথি প্রমুখ। থাকবে চলচ্চিত্রের শিল্পীদের নানা পরিবেশনা। এবার মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে কিউট। সন্ধ্যা ছয়টা পর্যন্ত পুরো আয়োজনটি সরাসরি দেখানো হবে চ্যানেল আইতে।কিউট-চ্যানেল আই ‘চলচ্চিত্র মেলা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ, কণ্ঠশিল্পী আঁখী আলমগীর ও চিত্রনায়িকা মুক্তি।