কাল চ্যানেল আইয়ে ‘সেরাদের মহাযুদ্ধ’
চ্যানেল আইয়ে রয়েছে নাচ, গান, অভিনয়, কবিতা, রান্না, আবৃত্তিসহ অনেক ক্ষেত্রের সেরা কিছু তরুণ। একটা পর্যায়ে এসে চিন্তা করলাম সব সেরাকে কীভাবে একসঙ্গে করা যায়। এমনকি তাঁদের থেকে কীভাবে একজন সেরাকে সেরা নির্বাচন করা যায়। এ জন্যই মূলত ‘সেরাদের মহাযুদ্ধ’ অনুষ্ঠানের পরিকল্পনা। বলছিলেন অনুষ্ঠানের পরিকল্পনাকারী ও উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। গত বছরের অক্টোবরে চ্যানেল আইয়ে বিভিন্ন রিয়েলিটি শোর সেরাদের নিয়ে শুরু হয় সেরাদের মহাযুদ্ধ। প্রায় এক বছর বিভিন্ন ধাপ পেরিয়ে এবার চূড়ান্ত পর্বের খেলা। কাল বৃহস্পতিবারই নির্ধারণ করা হবে সেরাদের মহাযুদ্ধে বিজয়ীর নামের তালিকা।ব্রাউনিয়া আরও বলেন, ‘ধারণাটা একেবারেই নতুন হওয়ার কারণে বিষয়টা প্রথম দিকে সেরাদের বোঝাতে অনেক কষ্ট হয়েছিল। তাঁদের ধারণা, তাঁরা তো এমনিতেই সেরা। এখন যদি আবার প্রতিযোগিতায় অংশ নিয়ে হেরে যায়! এ রকম অনেক বিষয় কাজ করেছিল এই মহাযুদ্ধে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে। তারপর আমরা যখন তাঁদের বোঝালাম, এটা আসলে নিছকই আনন্দ দেওয়ার জন্য। তখন তাঁরা বিষয়টা বুঝতে পারেন।’সেরাদের মহাযুদ্ধ নির্বাচিত করবেন আমজাদ হোসেন, রিজিয়া পারভীন, মৌসুমী, মেহরীন ও হাসান। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া প্রতিযোগীরা হলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার তাজ্জি ও স্বর্ণা; সেরাকণ্ঠের তিথি, আলিফ, আশিক ও মনির; ক্ষুদে গানরাজের জুয়েল এবং সুরদরিয়া বাঘা গায়েনের রাবু।সেরাদের মহাযুদ্ধ অনুষ্ঠানটি প্রচারিত হবে কাল বৃহস্পতিবার রাত নয়টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে।