কাল ছায়ানটে শ্রোতার আসর
বাঙালিকে তার গানের ঐতিহ্য স্মরণ করিয়ে দিয়ে তার সংগীতরুচিতে আভিজাত্য আনতে, প্রতিষ্ঠার পরই ঘরোয়া আসর শুরু করে ছায়ানট। শ্রোতার আসর-এর প্রথম অনুষ্ঠান হয় মোখলেসুর রহমান সিধুর ঢাকার ওয়ারির বাসায়। গেয়েছিলেন কলকাতা থেকে আসা শিল্পী ফিরোজা বেগম। পরের অনুষ্ঠানগুলো সাজানো হয়েছিল ফাহমিদা খাতুনের রবীন্দ্রসংগীত, খাদেম হোসেনের সেতার বাদন এবং ইউসুফ খান কোরেশী ও ইয়াসিন খানের উচ্চাঙ্গসঙ্গীত দিয়ে। সাংস্কৃতিক অন্য কর্মকাণ্ডের সঙ্গে ছায়ানট আরও নিবিড়ভাবে জড়িয়ে পড়ায় কয়েকটি অধিবেশনের পর আর হয়নি শ্রোতার আসর। স্বাধীন বাংলাদেশে, নিজ আঙিনায় ছায়ানট আবার শ্রোতার আসর শুরু করে ২০০৭ সালের ২০শে জুন, ছায়ানটের প্রতিষ্ঠাতা সভানেত্রী সুফিয়া কামালের জন্মদিনে। কিছু ব্যতিক্রম ছাড়া বাংলা মাসের চতুর্থ শুক্রবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবনে নিয়মিত শ্রোতার আসর হয়। আগামীকাল ১৬ মে সোমবার এই আসরের শিল্পী প্রমিতা মল্লিক ও লাইসা আহমদ লিসা। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হবে।