কাল জহির রায়হান চলচ্চিত্র উৎসব

কাল সারা দিন জুড়ে চলবে জহির রায়হান চলচ্চিত্র উৎসব। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উৎসব শুরু হবে সকাল ১০টায়। জহির রায়হানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদ।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় প্রচার বিভাগ সম্পাদক কংকন নাগ বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ এবং সুন্দরবন রক্ষার প্রত্যয় নিয়ে ‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’-এই স্লোগানকে সামনে রেখে উদীচী আয়োজন করেছে ‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব’। বর্তমান সময় এবং উত্সবের মেজাজের সঙ্গে মিল রেখেই উৎসবের জন্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্বাচন করা হয়েছে।
উৎসবে দেখানো হবে জহির রায়হান নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, ভারতীয় নির্মাতা সৌমিত্র দস্তিদার নির্মিত প্রামাণ্যচিত্র ‘এ লেটার টু মাই ডটার’, তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘রানওয়ে’, সেন্টু রায় নির্মিত জহির রায়হানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘জহির রায়হান’, কামার আহমাদ সাইমন নির্মিত প্রামাণ্যচিত্র ‘শুনতে কি পাও?’ ও প্রদীপ ঘোষ নির্মিত প্রামাণ্যচিত্র ‘ক্ষতচিহ্ন’।
উত্সব উদ্বোধন করবেন চলচ্চিত্র নির্মাতা মানজারেহাসীন মুরাদ। দিনব্যাপী এ উত্সবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সহসভাপতি শংকর সাওজাল, জহির রায়হানের ছেলে অনল রায়হান, জহির রায়হানের বড় ভাই শহীদুল্লা কায়সারের কন্যা অভিনেত্রী শমী কায়সার ও ভারতীয় প্রামাণ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার।
রাত ৮টা পর্যন্ত চলবে এ উত্সব।