কাল জাতীয় জাদুঘরে হুমায়ূন স্মরণ
বাংলাদেশের জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর কাল বিকেলে এক স্মরণসভার আয়োজন করেছে।
জাতীয় জাদুঘর জনশিক্ষা বিভাগের কিপার নুরে নাসরীন প্রথম আলোকে জানিয়েছেন, শুক্রবার বিকেল ৪টায় প্রতিষ্ঠানের প্রধান মিলনায়তনে এই স্মরণানুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রয়াত লেখকের স্মৃতিচারণ করবেন স্ত্রী মেহের আফরোজ শাওন, প্রকাশনা প্রতিষ্ঠান অন্য প্রকাশ-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, কথাসাহিত্যিক আনিসুল হক এবং বিশিষ্ট কথাশিল্পী ও দৈনিক কালের কণ্ঠ-এর সম্পাদক ইমদাদুল হক মিলন। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
স্মরণ অনুষ্ঠানে আলোচনা ছাড়াও বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ব্যাংক এশিয়ার যৌথ উদ্যোগে ২৩ নম্বর গ্যালারিতে হুমায়ূন আহমেদের পেইন্টিং, আলোকচিত্র ও স্মৃতিস্মারক নিয়ে সপ্তাহব্যাপী বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা থাকবে।
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ছিলেন বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের অসাধারণ রূপকার। গল্প, উপন্যাস, নাটক, গান, চলচ্চিত্রসহ শিল্পচর্চার সবগুলো ক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ।