কাল জাতীয় মূকাভিনয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিল্প বাঁচুক সাধারণ্যে’ স্লোগান নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে জাতীয় মূকাভিনয় সম্মেলন। কাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সকাল ১০টায় জাতীয় মূকাভিনয় সম্মেলন শুরু হবে। উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইটিআইর সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। অন্যদের মধ্যে আরও উপস্থিত থাকবেন নাট্য নির্দেশক জাহিদ রিপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রভাষক ইস্রাফিল আহমেদ ও মূকাভিনয় ফেডারেশনের আহ্বায়ক কমিটির সব সদস্য। সম্মেলন ছাড়াও বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে সেমিনার। এতে স্বাগত বক্তব্য দেবেন মূকাভিনেতা নিথর মাহবুব। মূল প্রবন্ধ পাঠ করবেন রণেন চক্রবর্তী। আলোচনায় অংশ নেবেন নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, ড. আফসার আহমদ, জাহিদ রিপন, ড. জাহারাবী রিপনসহ আরও অনেকে। এ সম্মেলনের অধীনে ২৩ ও ২৪ জুলাই নাট্যশালার মহড়া কক্ষে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত মূকাভিনয় কর্মশালা থাকবে। নির্ধারিত ফি দিয়ে যে কেউ এ কর্মশালায় অংশ নিতে পারবেন।