কাল জিমা অ্যাওয়ার্ডে লড়বেন বাংলাদেশের সমরজিত্ রায়
দিল্লির গুড়গাঁওয়ে কিংডম অব ড্রিমস হলে কাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস (জিমা) অ্যাওয়ার্ড-২০১১। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় লালগালিচা সংবর্ধনার মধ্য দিয়ে শিল্পীদের বরণ করে নেওয়া হবে। অনুষ্ঠানে ভারতের বিভিন্ন নামী শিল্পীর সঙ্গে পুরস্কারের জন্য লড়ছেন বাংলাদেশের শিল্পী সমরজিত্ রায়। হিন্দি গানের অ্যালবাম ‘তেরা তসব্বুর’-এর জন্য সমরজিত্ রায় ভারতের জিমা অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন। ‘পপুলার মিউজিক অ্যালবাম’ বিভাগে সমরজিত্ রায়ের সঙ্গে আরও মনোনয়ন পেয়েছেন আকৃতি কাকর (আকৃতি), অঙ্কুর তেওয়ারি (জান্নাত), কবিতা শেঠ (কবিরানা সুফিয়ানা), বিন্দু সুব্রামনিয়াম (সুরেন্দর) ও স্টেরিও নেশন (টুইস্ট অ্যান্ড শাউট)। পুরোপুরি গানের এই প্রতিযোগিতায় রয়েছে মোট ২১টি বিভাগ। চট্টগ্রামের ছেলে সমরজিত্ রায় এখন দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ে শাস্ত্রীয় সংগীতে শিক্ষকতা করছেন। ভারতের মিস্টিকা মিউজিক প্রতিষ্ঠান থেকে ২০১০ সালে তাঁর অ্যালবাম ‘তেরা তসব্বুর’ প্রকাশিত হয়।দিল্লি থেকে আজ বুধবার সকালে মুঠোফোনে সমরজিত্ রায় বলেন, ‘গত বছর এই বিভাগে পুরস্কার পেয়েছিলেন ভারতের সুফি গানের শিল্পী কৈলাশ খের। এটি নিঃসন্দেহে আমার জন্য অনেক সম্মানের ব্যাপার। তবে পুরস্কার পেলে এ ভালোলাগাটা কী হবে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’জিমা অ্যাওয়ার্ড-২০১১-এ ফিল্ম ও ননফিল্মের বিভিন্ন বিভাগে আশা ভোঁসলে, ওস্তাদ আমজাদ আলী খান, ওস্তাদ রশিদ খান, জগজিত্ সিং, হরিহরণ, এ আর রহমান, শ্রেয়া ঘোষাল, শংকর-এহসান-লয় থেকে শুরু করে ভারতের প্রায় সব বিখ্যাত শিল্পী ও তাঁদের কাজ মনোনয়ন পেয়েছে। জানা গেছে, জিমা অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া তারকারা ছাড়াও এ অনুষ্ঠানে বলিউডের নামকরা তারকারাও উপস্থিত থাকবেন। লালগালিচা সংবর্ধনা অনুষ্ঠানটি আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় সরাসরি দেখানো হবে www.youtube.com/GIMA। তবে ভারতের কালারস চ্যানেলে জিমা অ্যাওয়ার্ডের পুরো অনুষ্ঠানটি দেখানো হবে এ বছরের অক্টোবরে।