কাল টেলিভিশনের আন্তর্জাতিক ট্রেলার উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘টেলিভিশন’-এর আন্তর্জাতিক ট্রেলার উন্মোচিত হবে আগামীকাল বুধবার। হংকং ও ভারতে ছবিটির কারিগরি কাজ শেষে আজ মঙ্গলবার দেশে ফিরে প্রথম আলো ডটকমকে এ কথা জানান ফারুকী।এ উপলক্ষে গুলশানের একটি রেস্তোরাঁয় চলচ্চিত্রটির আন্তর্জাতিক ট্রেলার উন্মোচনের পাশাপাশি ওয়ার্ল্ড প্রিমিয়ার ও ভিডিওচিত্র প্রদর্শন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে চলচ্চিত্রের কলাকুশলী, সুহূদ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ফারুকী।পরিচালক সূত্রে জানা গেছে, ‘টেলিভিশন’ চলচ্চিত্রটি এ বছরের শেষ দিকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। গত জুলাই মাসে মুক্তির আগেই ‘টেলিভিশন’ জিতে নিয়েছে ‘এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন’ পুরস্কার। পুরস্কারপ্রাপ্ত ছবির তালিকায় ফারুকীর ‘টেলিভিশন’-এর সঙ্গে ছিল ইরানের কিংবদন্তি চলচ্চিত্রকার মোহসেন মাখমালবাফের ‘দ্য গার্ডেনার’ এবং জাপানি পরিচালক আতসুশি ফুনহাসির ‘আন্ডার দ্য চেরি ট্রি’।‘টেলিভিশন’ চলচ্চিত্রের কাহিনি যৌথভাবে লিখেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী।‘টেলিভিশন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা, কাজী শাহীর হুদা রুমী, শামীম শাহেদ, মুকিত মজুমদারসহ আরও অনেকে।ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও মোগাদর ফিল্ম (জার্মানি) প্রযোজিত ‘টেলিভিশন’ চলচ্চিত্রটি এর আগে গুটেনবার্গ ফিল্ম ফেস্টিভ্যালে চিত্রনাট্যের জন্য পুরস্কার জিতে নেয়।