কাল ঢাকায় আসছেন শাহরুখ
কাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। পরদিন শুক্রবার আর্মি স্টেডিয়ামে কিং খান লাইভ ইন ঢাকা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিশেষ বিমানে তাঁর সঙ্গে আসছেন স্ত্রী গৌরী খান, দুই সন্তান আরিয়ান ও সুহানা। এ ছাড়া আরও থাকবেন বলিউড তারকা রানী মুখার্জি, ইশা কোপিকার, অর্জুন রামপাল, শেফালি জরিওয়ালা, গণেশ হেজ ও নিরাজ শ্রীধর। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন কুমার বিশ্বজিত্ ও প্রান্তর। ভারতের মুম্বাই থেকে আরও আসছে ৪৮ সদস্যের একটি নাচের দল।কিং খান লাইভ ইন ঢাকা অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে শাহরুখ ও তাঁর সঙ্গীদের আসার সময়টি গোপন রাখা হচ্ছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহরুখ ও তাঁর সঙ্গীদের নিয়ে যাওয়া হবে হোটেল র্যাডিসনে। এরই মধ্যে সবার জন্য ৮০টি রুম বরাদ্দ রাখা হয়েছে। শাহরুখ ও তাঁর সঙ্গীদের নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত র্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও এলিট ফোর্সের ঊর্ধতন কর্মকর্তারা জানান, তাঁরা এরই মধ্যে শাহরুখ ও তাঁর সঙ্গী এবং কিং খান লাইভ ইন ঢাকা অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সব প্রস্তুতি চূড়ান্ত করেছেন। এদিকে শাহরুখের বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা করন জোহর আজ বুধবার নিজের টুইটারে লেখা এক বার্তায় জানিয়েছেন, ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে এবার তিনি একক অতিথি হিসেবে শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছেন। গত সোমবার ওই অনুষ্ঠানের শুটিং শেষ হয়েছে।ধারণা করা হচ্ছে, আগামীকাল বিকেলের পর যেকোনো সময় ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন শাহরুখ।