কাল তপুর বিবাহোত্তর সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ২৪ আগস্ট বিয়ে করেছিলেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু। তাঁর স্ত্রী নাজিবা সেলিম ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিয়ের ১০ মাস পর তপুর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত হবে রাজধানীর গলফ গার্ডেনে। এতে উভয় পরিবারের আত্মীয়স্বজন ছাড়াও তপু-নাজিবার বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে তপু বলেন, ‘আমাদের বিয়েটা হয় হুট করে। আর এ কারণে গত বছর বিয়ে-পরবর্তী আনুষ্ঠানিকতা সারা সম্ভব হয়নি। পারিবারিকভাবে তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সুবিধাজনক সময়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুযায়ী এখন এটির আয়োজন করা হচ্ছে।’

তপু আরও বলেন, ‘বিয়ের আগে তিন বছর ধরেই আমরা একে-অন্যকে চিনতাম। তারপর পরস্পরের ভালো লাগাকে উভয় পরিবার মেনে নেয়। আর এটাই আমাদের দুজনের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় ছিল।’

২০০৭ সালের শেষের দিকে ‘এক পায়ে নূপুর আমার অন্য পা খালি’ গানটি দিয়ে সংগীত জগতে খুব অল্প সময়ে জনপ্রিয় তারকায় পরিণত হন তপু। তাঁর দুটি একক গানের অ্যালবামও এসেছে। তাঁর সর্বশেষ অ্যালবামের নাম ‘সে কে’।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিংগুলার নাম্বার’ ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন তপু। গত ঈদে প্রথমবারের মতো জনপ্রিয় সংগীত পরিচালক প্রিন্স মাহমুদের সুরে মিশ্র অ্যালবাম ‘অপরাজিতা’য় তপু একটি গান গেয়েছেন। বর্তমানে চলছে তাঁর আরেকটি একক অ্যালবামের কাজ, যেটি আগামী বছর প্রকাশিত হবে বলে জানান তপু।

ক্যাপশন: সস্ত্রীক তপু