কাল থেকে ইমেপ্রশন্স অব ঢাকা

এই আয়োজন বেঙ্গল ফাউন্ডেশনের নতুন উদ্যোগ ‘রেসিডেন্সি প্রোগ্রাম’-এর। উদ্যোগের প্রথম পর্বের শিল্পী ব্রিটিশ ভাস্কর রিচার্ড ক্রুজ ও বাংলাদেশি শিল্পী অসীম হালদার সাগরের যৌথ পরিচালনায় সম্প্রতি একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে দুই দিনের এ কর্মশালায় ১৪ জন বাংলাদেশি তরুণ ভাস্কর অংশগ্রহণ করে।
‘ক্রিয়েটিভ ইন্টারভেনশন’ শীর্ষক সেই কর্মশালায় তৈরি সিরামিক ভাস্কর্যের কিছু নিরীক্ষামূলক কাজ নিয়ে ‘ইমেপ্রশন্স অব ঢাকা’ শীর্ষক একটি ওপেন স্টুডিও উদ্বোধন হবে আগামীকাল শুক্রবার।

শুক্রবার ধানমন্ডির আবদুর রাজ্জাক বিদ্যাপীঠে সন্ধ্যা ছয়টায় শুরু হবে এ আয়োজন। সেই সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে কর্মশালায় নির্মিত ভাস্কর্যগুলোকে বিশেষ কৌশলে আগুনে পুড়িয়ে সেগুলোকে দেওয়া হবে চূড়ান্ত রূপ।
এই ওপেন স্টুডিও সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে আগামী ২৪ মার্চ শুক্রবার পর্যন্ত।