কাল থেকে এশিয়ান টিভিতে 'প্রতিপক্ষ'

এশিয়ান টিভিতে কাল বুধবার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘প্রতিপক্ষ’-এর সম্প্রচার। প্রতি মঙ্গল-বুধ-বৃহস্পতিবার রাত আটটা ২০ মিনিটে নাটকটি প্রচারিত হবে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার এশিয়ান টিভি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির অনুষ্ঠানপ্রধান কামরুজ্জামান বাবু, উপ-অনুষ্ঠানপ্রধান সৈকত সালাহউদ্দিন, প্রযোজক-অভিনেতা আব্বাস উল্লাহ সিকদার, নির্মাতা আশিষ রায়সহ ‘প্রতিপক্ষ’ নাটকের শিল্পী-কুশলীরা। আরও উপস্থিত ছিলেন নাটকটির শীর্ষ সংগীতনির্মাতা ফরিদ আহমেদ ও কণ্ঠশিল্পী পুলক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বড় ক্যানভাসে তৈরি ভিন্নধারার এই নতুন ধারাবাহিকের মধ্য দিয়ে এশিয়ান টিভির অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ হবে। ধারাবাহিকটির চিত্রনাট্য, শুটিং লোকেশন, নির্মাণশৈলী আর তারকা শিল্পীদের অংশগ্রহণের মধ্য দিয়ে টিভির দর্শকদের দেশীয় নাটক দেখার বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে।
রিজওয়ান খানের চিত্রনাট্যে আশিষ রায়ের পরিচালনায় এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্বাস উল্লাহ খান, আবদুর রাতিন, খালেদা আক্তার কল্পনা, ফেরদৌসী লীনা, বাবুল আহমেদ, আহসান হাবিব নাসিম, রুনা খান, আলভী, শানারেই দে শানু, শাহরিয়ার শুভ, ওবিদ রেহান, সোহান খান, চৈতী, জয়রাজসহ আরও অনেকে।
পূর্ণাঙ্গ পারিবারিক গল্প নিয়ে সাজানো ‘প্রতিপক্ষ’ কাল বুধবার থেকে সপ্তাহে তিন দিন করে প্রচারিত হলেও শিগগিরই সপ্তাহে পাঁচ দিন করে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।