কাল থেকে কলকাতায় বাংলাদেশ বইমেলা
আগামীকাল বৃহস্পতিবার থেকে কলকাতায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা। মেলা বসবে কলকাতার সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ‘নন্দন’-এর পাশে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা মিলনায়তনে।বিকেলে বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মেলায় বাংলাদেশের ২৬টি প্রকাশনা সংস্থা যোগ দিচ্ছে। যৌথভাবে এর আয়োজন করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন। সহযোগিতা করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। এই বইমেলা উপলক্ষে ২৩ নভেম্বর বিকেলে কলকাতার বিড়লা প্ল্যানেটরিয়াম সভাঘরে ‘বাংলা বই ও বাংলা বইয়ের পাঠক’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশের অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক ও সাংবাদিক আনিসুল হক, সাংবাদিক স্বদেশ রায় প্রমুখ।এ ছাড়া ২৫ নভেম্বর বিকেলে কলকাতার রোটারি সদন মিলনায়তনে দুই বাংলার দুই জনপ্রিয় লেখক প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায় ও হুমায়ূন আহমেদের স্মরণে অনুষ্ঠিত হবে এক স্মরণসভা।মুম্বাইয়ে বাংলাদেশি দুই চিত্রশিল্পীর চিত্র প্রদর্শনী: ভারতের মুম্বাইয়ের ঐতিহ্যবাহী জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে বাংলাদেশের দুই তরুণ চিত্রশিল্পীর এক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। এই প্রদর্শনী ১৮ নভেম্বর পর্যন্ত চলে। বাংলাদেশের দুই চিত্রশিল্পী কাজী সাইয়িদ আহমেদ এবং সরকার নাহিদ নিয়াজের ৪২টি ছবি এই প্রদর্শনীতে ছিল। এর মধ্যে কাজী সাইয়িদ আহমেদের রয়েছে ২২টি তেলচিত্র আর নাহিদ নিয়াজের ২০টি ছবি।