কাল থেকে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার থেকে শুরু হচ্ছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। বাংলাদেশ ও ভারতের সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় এবং মৈত্রীর বন্ধন দৃঢ়তর করার লক্ষ্য নিয়েই তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে এ উৎসব। আট দিনব্যাপী উৎসবের আয়োজন করছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদ। ১ থেকে ৮ সেপ্টেম্বর আয়োজিত উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হলে থাকবে ভারতের তিনটি, ঢাকা ও ঢাকার বাইরের ১১টি নাট্যদল, একটি নৃত্যদল ও একটি যাত্রাদলের পরিবেশনা। প্রতিদিন সন্ধ্যায় নাটকের পাশাপাশি বিকেলে একাডেমী প্রাঙ্গণের মুক্তমঞ্চে থাকবে আবৃত্তি, সংগীত ও পথনাটক পরিবেশনা।
সোমবার সন্ধ্যা ছয়টায় একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে বসবে উৎসবের উদ্বোধনী আনুষ্ঠানিকতা।
গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর নাট্যশালার সেমিনার কক্ষে গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উৎসবের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন আকতারুজ্জামান। সভাপতিত্ব করেন গোলাম কুদ্দুছ।