
প্রস্তুতি চূড়ান্ত। জাতীয় নাট্যশালার দেয়ালে দেয়ালে লাগানো বিশাল ব্যানার, পোস্টার জানান দিচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব’ শুরু হচ্ছে কাল। এবারের উৎসবের উদ্বোধন করবেন দুই বাংলার কিংবদন্তি অভিনয়শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় ও ফেরদৌসী মজুমদার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালেই ঢাকায় এসে পৌঁছাবেন সৌমিত্র। সন্ধ্যায় উদ্বোধনের পর ছাড়িগঙ্গা নাটকে তাঁকে অভিনয় করতে দেখা যাবে। গতকাল বুধবার দুপুরে আয়োজক ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদ’ সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। অতিথি তালিকায় আছেন নাট্যজন মামুনুর রশীদ, লিয়াকত আলী, ঝুনা চৌধুরী ও হাসান আরিফ। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন উৎসবের সদস্যসচিব আকতারুজ্জামান। সভাপতিত্ব করবেন পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ। ৯ দিনের এই উৎসবে মঞ্চনাটক, নাচ, আবৃত্তি, সংগীত ও পথনাটকে ভারত ও বাংলাদেশের মোট ৫৩টি দল অংশ নেবে। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলবে। মঞ্চনাটক শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায়।
গতকালের সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত পড়ে শোনান আয়োজক পর্ষদের সদস্যসচিব আকতারুজ্জামান। আরও বক্তব্য দেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামউল্লাহ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী, মুক্তধারা আবৃত্তিচর্চা কেন্দ্রের কর্ণধার রফিকুল ইসলাম, উৎসবের উপকমিটির আহ্বায়ক মীর জাহিদ হাসান। মূল বক্তব্যে উৎসবের আহ্বায়ক গোলাম কুদ্দুছ বলেন, ‘গঙ্গা-যমুনার মতোই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক রূপবৈচিত্র্য বিদ্যমান। এ দুটি অঞ্চলের মানুষের ভাষা ও যাপিত জীবনের রূপরেখাও ভিন্ন নয়। শত বছরের সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করাই এ উৎসবের আসল লক্ষ্য।’
উদ্বোধনের দিন নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দল সংস্তবের ছাড়িগঙ্গা। পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে একই সময়ে থাকছে প্রাচ্যনাটের নাটক ট্র্যাজেডি পলাশবাড়ি। উদ্বোধনী অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। নাটকের জন্য ২০০, ১০০ ও ৫০ টাকা হারে টিকিটের ব্যবস্থা থাকবে।
গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। উৎসব শেষ হবে ১২ সেপ্টেম্বর।