কাল থেকে গঙ্গা-যমুনা নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গঙ্গা–যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎ​সবের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন গোলাম কুদ্দুছ
গঙ্গা–যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎ​সবের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন গোলাম কুদ্দুছ

ঢাকা ও ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো শুরু হচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব’। কাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
১০ দিনের এ উৎসব উৎসর্গ করা হচ্ছে প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির উদ্দেশে। উৎসবে মঞ্চস্থ হবে তাঁর রচিত ও অনূদিত ঈর্ষা, ডেড্ পিকক, ম্যাকবেথ, তোরা সব জয়ধ্বনি কর এবং পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকগুলো।
গতকাল বুধবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানানো হয়। উৎসবে অংশ নিচ্ছে ভারতের ৩টি, ঢাকার ২৫টি ও ঢাকার বাইরের ২টি নাট্যদল। উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে থাকবে দেশের ৫৩টি সংগঠনের-আবৃত্তি, সংগীত, নৃত্য ও পথনাটক পরিবেশনা। কাল থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার, স্টুডিও থিয়েটার, সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে উৎসবের নাটক ও অনুষ্ঠানগুলো দেখানো হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উৎসবের আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সদস্যসচিব আকতারুজ্জামান। উপস্থিত ছিলেন গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামউল্লাহ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, পথনাটক পরিষদের সহসভাপতি মিজানুর রহমান, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস প্রমুখ। উত্সবে আর্থিক সহায়তা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ-ভারত ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
কাল উদ্বোধনী সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকবে ভারতের পশ্চিমবঙ্গের নাট্যসংগঠন ‘হ-য-ব-র-ল’-এর নাটক ঈপ্সা। এতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবশংকর হালদার।