কাল থেকে চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক ঘণ্টার টেলিভিশন কাহিনিচিত্র বাঁচান, নিয়মিত হউক প্রচার ও মান’ স্লোগান দিয়ে শুরু হচ্ছে ‘রবি-চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উত্সব’। চারুনীড়ম স্কুল অব অ্যাকটিংয়ের এটি তৃতীয়বারের মতো আয়োজন। কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে সপ্তাহব্যাপী এ উত্সব কাল বিকেল চারটায় উদ্বোধন করবেন ফেরদৌসি মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদুর রেজা সাগর, বিদ্যুত্ কুমার বসু, চাষী নজরুল ইসলাম, ড. ইনামুল হক, আফজাল হোসেন, সাইদুল আনাম টুটুল, জাহিদুর রহিম অঞ্জন, আফসার আহমেদ, হাসান আরিফ, মনোয়ার হোসেন পাঠান, এ কে এম আরিফুর রহমান, ঝুনা চৌধুরী ও গাজী রাকায়েত।চারুনীড়ম স্কুল অব অ্যাক্টিংয়ের পরিচালক গাজী রাকায়েত বলেন, ‘এক ঘণ্টার টেলিভিশন কাহিনিচিত্র একসময় অনেক বেশি মানসম্পন্ন এবং জনপ্রিয় ছিল। কিন্তু মাঝে নানা কারণে এর গুণগত মান মারাত্মকভাবে নিম্ন পর্যায়ে চলে আসে। এক ঘণ্টার কাহিনিচিত্র নিয়ে আমরা বছর দুয়েক আগে একটি আন্দোলনও শুরু করেছিলাম। এখন আবার বেশির ভাগ টিভি চ্যানেলে এক ঘণ্টার কাহিনিচিত্র নিয়মিত দেখানো হচ্ছে। আমরা এবারের উত্সবের মাধ্যমে এক ঘণ্টার কাহিনিচিত্রের মানোন্নয়নের দিকে আরও বেশি নজর দেব।’সপ্তাহব্যাপী টেলিভিশন কাহিনিচিত্র উত্সবে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা, সন্ধ্যা সোয়া ছয়টা, সাতটা ১০ ও সাতটা ৫৫ মিনিটে দেখানো হবে টেলিভিশন কাহিনিচিত্রগুলো। উত্সবে যে টেলিভিশন কাহিনিচিত্রগুলো দেখানো হবে সেগুলো হচ্ছে মুর্দা ফরাশ, বীরমাতা, আলাপী, সার্ভিস হোল্ডার, মীরার দিনরাত্রি, গাড়িয়ালের উজান ভাটি, পলাশের রং, বিবাহোত্তর সংবর্ধনা, বলাই ও উমা, ধন ধান্যে পুষ্পে ভরা, আমি শুধু একটা খুন করতে চেয়েছিলাম, অরূপার জন্য, বিনু, হেলোওয়েন, অলিভ গাছ ক্রিস্টাল নদী, মায়া ও মৃত্যুর গল্প, জিন্না কসাই, স্বর্ণলতা ও শঙ্খচিল, অবাক সন্দেশ, সহোদরা, নকশি কাঁথা, অর্থহীন মানিপ্লান্ট, নূরচান পাঠাগার এবং কাঁটা।