কাল থেকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ত্রিংশত্তম অধিবেশন শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। চার দিনের এই জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় সম্মেলন উদ্বোধন করবেন বিলকিস নাসিরুদ্দিন।জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন জানান, কাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা। এবারই প্রথম চারটি মঞ্চে একই সঙ্গে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে তিনটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হল। প্রতিযোগীরা যাতে ভয় না পায়, তাই বিচারকেরা একেবারে সামনে বসছেন না। তাঁরা নিজেদের সুবিধামতো জায়গায় বসবেন।তিনি আরও জানান, মূল অনুষ্ঠান শুরু হবে শুক্রবার সকালে। রোববার পর্যন্ত এই সংগীত মিলনমেলায় দেশের দুই শতাধিক শীর্ষপর্যায়ের শিল্পী অংশ নেবেন। এ ছাড়া জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দেশব্যাপী ৬৫টি শাখা থেকে আসবেন আরও তিন শতাধিক শিল্পী ও সংগঠনকর্মী। দেশের বিভিন্ন জেলা থেকে আসবেন জাতীয় পর্যায়ের শতাধিক গুণীজন।প্রতিদিনের কর্মসূচিতে থাকছে নির্দিষ্ট বিষয়ের ওপর আলোচনা এবং সংগীত, নৃত্য, নৃত্যনাট্য, গীতিনাট্য, আবৃত্তিসহ বিভিন্ন বিষয়। থাকছে রবীন্দ্রনাথের আঁকা ১০০টি ছবির প্রদর্শনী।এবার গুণীজন সম্মাননা পাচ্ছেন ভাষাসৈনিক ইমদাদ হোসেন।পুরো আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকছে।সামনেই বছরব্যাপী রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপন করা হবে।এই সম্মেলন থেকে এর কর্মসূচি ঘোষণা করা হবে।