
১৯৯০ সালের ডিসেম্বর মাসে সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রথম বিজয় উৎসবের আয়োজন করে। এরপর থেকে প্রতিবছর হয়ে আসছে এই উৎসব। এই আয়োজনে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা লাখো শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস ও নানা নিদর্শন, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকেই। বিজয় দিবস আসন্ন। দিনটি সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট গতকাল রোববার বিজয় উৎসবের কর্মসূচি ঘোষণা করেছে।
১৩ ডিসেম্বর থেকে শুরু হবে উৎসব। মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ঐক্য গড়ো বাংলাদেশ, সাম্প্রদায়িকতা হবে শেষ’। ওই দিন বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবের উদ্বোধন করবেন লেখক ও সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হবে বিজয় শোভাযাত্রা। উৎসবটি পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়া হবে রাজধানীর বিভিন্ন প্রান্তে।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জোট কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এ সময় আরও বক্তব্য দেন নাসির উদ্দীন ইউসুফ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, গণসংগীত শিল্পী সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর প্রমুখ।
গোলাম কুদ্দুছ বলেন, এ বিজয় উৎসবে অংশ নেবে তিন শতাধিক সাংস্কৃতিক সংগঠন। থাকবে দলীয় নৃত্য, দলীয় আবৃত্তি, গণসংগীত, পথনাটক, চলচ্চিত্র এবং দেশের বরেণ্য শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের একক পরিবেশনা। শহীদ মিনারসহ রাজধানীর ৯টি মঞ্চে বিজয় উৎসবের অনুষ্ঠান হবে। এর মধ্যে আছে ধানমন্ডি রবীন্দ্রসরোবর মঞ্চ, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চ, সড়ক ও জনপথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ (পাইকপাড়া), কামাল মজুমদার স্কুল অ্যান্ড কলেজ মাঠ (রূপনগর), মিরপুর-মুকুল ফৌজ ৬ নম্বর সেকশন মাঠ, বাহাদুরশাহ পার্ক, উত্তরা রবীন্দ্র সরণি মঞ্চ এবং দনিয়ায় এ কে স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ। প্রতিদিন বিকেল ৪টা থেকে সব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।