কোটি টাকা জেতার অনুষ্ঠান ‘কে হতে চায় কোটিপতি’র অডিশন রাউন্ডের দ্বিতীয় পর্ব কাল শনিবার শুরু হচ্ছে। জ্ঞান-বুদ্ধির এই জনপ্রিয় ও আনন্দদায়ক অনুষ্ঠানের জন্য চট্টগ্রাম ও ঢাকায় এই অডিশন রাউন্ডের মাধ্যমে প্রতিযোগী বাছাই করা হবে। চট্টগ্রাম ও সিলেটের প্রতিযোগী নিয়ে প্রথম অডিশন হবে কাল শনিবার চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে। আর ২৫ জুলাই ঢাকার ইমান্যুয়েলস ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হবে ঢাকাসহ অন্য বিভাগের প্রতিযোগীদের অডিশন।১০ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হওয়ার পর একই দিন থেকে শুরু হয় প্রতিযোগিতায় নিবন্ধিত হওয়ার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম। নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ব্যাপক সাড়া পড়ে। তবে ভাগ্য সবার পিছে ছোটেনি। কম্পিউটারের রেন্ডোমাইজার সঠিক উত্তরদাতাদের মধ্যে ৫৪০ জন প্রতিযোগীকে নির্বাচন করে।জানা গেছে, এরই মধ্যে নির্বাচিত প্রতিযোগীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে অডিশন পর্বের খুঁটিনাটি দিক জানিয়ে দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত ২৩ মে অডিশন রাউন্ডের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। পাঁচটি বিভাগীয় শহরে পর্যায়ক্রমে চলে এ কার্যক্রম। অডিশন রাউন্ডের তৃতীয় পর্ব আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে।