কাল থেকে নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানানো হলো লোকসংগীত উৎসবের কথা। এরই মধ্যে পাঠকেরা জেনেছেন, ১০ নভেম্বর ঢাকার বনানীর আর্মি স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। জানা গেছে, তিন দিনের এই উৎসবে এবারও অংশ নেবে দেশ-বিদেশের একঝাঁক লোকসংগীতশিল্পী ও গানের দল। তবে এখন পর্যন্ত শিল্পীদের নাম নিশ্চিত করেনি আয়োজক প্রতিষ্ঠান সান ইভেন্টস।
গতকাল রোববার সকালে এক সংবাদ সম্মেলনে উৎসবে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতাগুলো জানানো হয়। আগামীকাল থেকে dhakainternationalfolkfest.com ওয়েবসাইটে নিবন্ধন করে এর প্রিন্ট কপি উৎসবের ই-টিকিট হিসেবে সংগ্রহ করতে হবে। উৎসবস্থলে এবার থাকছে না কোনো পার্কিংব্যবস্থা। তবে অনুষ্ঠান শেষে দর্শকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নির্দিষ্ট রুটের বাস রাখবেন আয়োজকেরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সান ইভেন্টসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আযমান, ঢাকা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। আয়োজকদের ফেসবুক পাতা ও নিজস্ব ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে। উৎসবের ব্যাপারে জানা যাবে ১৬৩৭৪ নম্বরে।