কাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব
৬৪ জেলায় ১৫ দিনে ২২টি চলচ্চিত্র প্রদর্শনের প্রস্তুতি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ স্লোগান নিয়ে কাল শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা হবে। উৎসবটি দেশের সব জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে একযোগে চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
গতকাল মঙ্গলবার দুপুরে শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার মসিউদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, এই আয়োজনের আহ্বায়ক ও শিল্পকলার সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী দিন সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্র মাটির ময়না।