কাল থেকে বাপ্পা মজমুদার অ্যান্ড ফ্রেন্ডসের 'বেনানন্দ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’-এর সদস্যরা
‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’-এর সদস্যরা

কাল ১ নভেম্বর থেকে এক্সক্লুসিভলি রবি রেডিওতে (৮০৮০৬) ডায়াল করে শোনা যাবে ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’-এর প্রথম একক অ্যালবাম ‘বেনানন্দ’। মোট আটটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এর মধ্যে তিনটি গান লালনের ‘জাত গেল জাত গেল বলে’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ এবং ‘বাড়ির পাশে আরশি নগর’। অ্যালবামে রাধারমণের তিনটি গান রয়েছে। এ তিনটি গান হলো ‘বনমালী তুমি পরজনমে হইও রাধা’, ‘কারে দেখাব মনের দুঃখ গো’ এবং ‘শ্যাম কালিয়া সোনা বন্ধুরে’। একটি গান হাসন রাজার ‘আগুন লাগাইয়া দিলো কনে’ এবং আরেকটি মন মোহন দত্তের ‘বেনানন্দ’ (বাঁশপাতা আর কলমিলতা)। সবগুলো গানেরই সংগীতায়োজন করেছে ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’।

অ্যালবাম প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘আধুনিক গান করলেও আমি কিন্তু লোকগান খুব পছন্দ করি। লোকগান আমাদের শেকড়। ভালো কোনো গান কানে এলেই আগ্রহ নিয়ে শুনি।’ তিনি বলেন, ‘ইচ্ছা ছিল কখনো সুযোগ পেলে লোক গান নিয়ে পুরো একটি অ্যালবাম করব। এবার ‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’-এর জন্য সেটা করতে পেরে ভালো লাগছে।’

বাপ্পা আরও বলেন, ‘এ অ্যালবামের বিশেষত্ব হলো সবগুলো গানই ম্যানুয়ালি বাজানো। যার ফলে গানগুলোর সাউন্ডেও নতুন একটি পরিবেশ তৈরি হয়েছে। আমার ধারণা বিষয়টি শ্রোতারা উপভোগ করবেন।’

রবি রেডিওতে এখন প্রকাশ করা হলেও ডিসেম্বরের মাঝামাঝিতে জিরোনা বাংলাদেশের ব্যানারে সিডি আকারে প্রকাশ পাবে ‘বেনানন্দ’ অ্যালবামটি।


‘বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস’-এর সদস্যরা হলেন— বাপ্পা মজুমদার (ভোকাল, গিটার ও দলনেতা), সোহেল আজিজ (কিবোর্ড), জন শারটন (বেজ), মাসুম (গিটার), ডানো (ড্রামস) এবং শাহান কবন্ধ (ম্যানেজার)।