কাল থেকে বেঙ্গলে 'রোকেয়া'র প্রদর্শনী

এ বছর পয়লা বৈশাখে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস পনেরো বছর পার করেছে। ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে প্রতিষ্ঠানটি বছরব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় কাল ১৭ নভেম্বর থেকে বেঙ্গল গ্যালারিতে শিল্পী রোকেয়া সুলতানার ‘রোকেয়া’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে লুন্ডেমু।
বেঙ্গল গ্যালারির ব্যবস্থাপক সারোয়ার জাহান প্রথম আলোকে জানিয়েছেন, এই প্রদর্শনীটি সাজানো হবে শিল্পীর অ্যাক্রিলিক, ড্রয়িং, জলরং, ছাপচিত্র এবং টেম্পেরা মাধ্যমে করা মোট ৫০টি চিত্রকর্ম দিয়ে। এটি আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
শিল্পী রোকেয়া সুলতানার জন্ম ১৯৫৮ সালে চট্টগ্রামে। তিনি ১৯৮৩ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত দেশে-বিদেশে তাঁর ১৬টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে। বহু দলীয় প্রদর্শনীতেও তিনি অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।