কাল থেকে মুঠোফোনে ওয়ারফেজের ‘সত্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বৃহস্পতিবার থেকে ওয়ারফেজের ‘সত্য’ অ্যালবামের গান শোনা যাবে। ‘সত্য’ প্রকাশিত হচ্ছে মুঠোফোনে। বাংলালিংকের মিউজিক স্টেশন ৫৮৫৮ থেকে আগামী এক মাস ওয়ারফেজের নতুন অ্যালবামের গানগুলো শোনা যাবে। এই অ্যালবামে গান আছে নয়টি। অ্যালবামটির পৃষ্ঠপোষক বাংলালিংক। গানগুলো বাংলালিংকের মিউজিক স্টেশনে এক মাস বাজার পর ‘সত্য’ অ্যালবামটি সিডি আকারে প্রকাশিত হবে।মুঠোফোনে প্রকাশ উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ওয়ারফেজ ব্যান্ডের সদস্যরা ও বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।‘সত্য’ অ্যালবামের মাধ্যমে নয় বছর পর আসছে ওয়ারফেজের নতুন অ্যালবাম। ২০০৯ সালে অবশ্য এ ব্যান্ডের ‘পথচলা’ নামের একটি অ্যালবাম এসেছিল। এ প্রসঙ্গে ওয়ারফেজের দলনেতা এবং ড্রামার টিপু বলেন, ‘বলা চলে, “পথচলা” অ্যালবামটি ছিল বেস্ট অব ওয়ারফেজ। তবে ওখানে দুটি নতুন গানও ছিল।’‘সত্য’ প্রসঙ্গে টিপু বলেন, ‘আমরা যে ধরনের গান করি, এখানেও তা-ই থাকছে। তবে প্রতিটি অ্যালবামেই আমরা সময়ের সঙ্গে মিল রেখে সুর ও সংগীতায়োজনে কিছুটা পরিবর্তন এনেছি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।’টিপু আরও জানান, ‘পথচলা’ অ্যালবামে যাঁরা ছিলেন—সেই টিপু, কমল, শামস, অনি, রজার ও মিজান—সবাই আছেন ‘সত্য’তে। সঙ্গে আছেন অতিথি গিটারশিল্পী সামির।ওয়ারফেজের প্রথম অ্যালবাম ‘ওয়ারফেজ’ এসেছিল ১৯৯১ সালে। এরপর পর্যায়ক্রমে প্রকাশিত হয়েছে ‘অবাক ভালোবাসা’, ‘জীবনধারা’, ‘অসামাজিক’, ‘আলো’ ও ‘মহারাজ’।‘সত্য’ অ্যালবামের সব কটি গান শোনা যাবে এবিসি রেডিওতে।