কাল থেকে মুঠোফোনে হাবিবের ‘স্বাধীন’
কাল ১২ নভেম্বর মুঠোফোনে মুক্তি পাচ্ছে হাবিবের নতুন একক গানের অ্যালবাম ‘স্বাধীন’। এটি হাবিবের চতুর্থ অ্যালবাম। বাংলালিংকের মিউজিক স্টেশন ৫৮৫৮-এ শ্রোতারা কাল সোমবার থেকে এই অ্যালবামের গানগুলো শুনতে পারবে। চলবে টানা এক মাস। মুঠোফোনে ‘স্বাধীন’ অ্যালবামের মুক্তি উপলক্ষে আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী হাবিব, মিলন মাহমুদ, বাংলালিংকের হেড অব মার্কেটিং অপারেশন ইফতেখার আজম ও হেড অব ভিএস, হাই ভ্যালু ও এমএফএস সোলায়মান আলম। সংবাদ সম্মেলনে হাবিব ওয়াহিদ বলেন, ‘সত্যিই, এটি প্রশংসনীয় উদ্যোগ। বাংলালিংক মিউজিক স্টেশন শিল্পীদের জন্য নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই প্ল্যাটফর্ম শিল্পীদের ব্যাপকসংখ্যক শ্রোতার কাছে পৌঁছে দিচ্ছে। “আহ্বান” ও “রং” অ্যালবাম দুটি ডিজিটালি মুক্তি দেওয়ার মাধ্যমে তার প্রমাণও পেয়েছি।’ হাবিব আরও জানান, ‘স্বাধীন’ অ্যালবামটি সিডি আকারে বাজারে আসবে ১২.১২.১২ তে, অর্থাত্ এ বছরের ডিসেম্বরের ১২ তারিখে। তার আগেই আগামীকাল থেকে এই অ্যালবামের গানগুলো শ্রোতারা শুনতে পারবে বাংলালিংকের মিউজিক স্টেশনে। এর মাধ্যমে আড়াই কোটির বেশি শ্রোতার কাছে ‘স্বাধীন’ অ্যালবামের গানগুলো পৌঁছে যাবে বলে হাবিব আশা প্রকাশ করেন।মেলোরোমান্টিক ধাঁচের এ অ্যালবামে গান থাকবে আটটি। হাবিবের আগের তিনটি অ্যালবামে দ্বৈতগান থাকলেও এবারের অ্যালবামে কোনো দ্বৈতগান নেই। গানগুলোর কথা লিখেছেন সোহেল আরমান, শফিক তুহিন, মিলন মাহমুদ, চিরকুট ব্যান্ডের সুমী, মাহবুব মহসিন ও মোজাম্মেল হক।হাবিবের অন্য অ্যালবামগুলো হলো: ‘শোনো’, ‘বলছি তোমাকে’ ও ‘আহ্বান’।