কাল থেকে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী যৌথভাবে পালন করবে বাংলাদেশ ও ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারির উপস্থিতিতে কাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। অন্যদিকে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে আগামী শনিবার।গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।সংবাদ সম্মেলনে জানানো হয়, যৌথ কর্মসূচির অংশ হিসেবে দিল্লিতে ৭ থেকে ৯ মে পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের নেতৃত্বে ৪৯ সদস্যের একটি প্রতিনিধিদল দিল্লি সফর করবে। এদিকে সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপনের অনুষ্ঠানমালায় অংশ নেওয়ার জন্য ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারির নেতৃত্বে ৩৭ সদস্যের একটি প্রতিনিধিদল ছাড়াও একটি বড় সাংস্কৃতি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।তিন দিনের অনুষ্ঠানমালা শুক্রবার: শিল্পকলা একাডেমীতে ১৫০ জন বাংলাদেশি শিল্পীর রবীন্দ্রভাবনায় আঁকা চিত্রসহ ভারত থেকে পাওয়া রবীন্দ্রনাথের আঁকা চিত্রকর্মের প্রতিলিপি প্রদর্শনী, জাতীয় জাদুঘরে রবীন্দ্রগ্রন্থ প্রদর্শনী, শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ-ভারতের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।শনিবার: বাংলা একাডেমীতে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার, শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার: জাতীয় জাদুঘরে ‘একুশ শতকে রবীন্দ্রনাথ’ শীর্ষক সেমিনার, দুই দেশের কবিদের স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি এবং নাটক। এ ছাড়া শিলাইদহ, শাহজাদপুর, পতিসরসহ কবির স্মৃতিবিজড়িত স্থানগুলোতেও যৌথ অনুষ্ঠানের আয়োজন করা হবে।নিত্য উপহারে রবীন্দ্রনাথ ‘রবির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরান ঢালি’, ‘তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি’, ‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’—রবীন্দ্রনাথ ঠাকুরের এসব বাণীর সঙ্গে কবির নানা বয়সের প্রতিকৃতি সহযোগে টি-শার্ট, পাঞ্জাবি ও শাড়ির নকশা করা হয়েছে। পোশাক প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান নিত্য উপহারের বসুন্ধরা সিটি ও আজিজ সুপার মার্কেটের বিক্রয়কেন্দ্রে পোশাকগুলো প্রদর্শিত হচ্ছে। কবির সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে নিত্য উপহার আয়োজিত এই প্রদর্শনীর শিরোনাম ‘মনের মানুষ’। গতকাল বুধবার বিকেলে বসুন্ধরা সিটির বিক্রয়কেন্দ্রে এর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি বলেন, ‘সাহিত্যসহ নানা ক্ষেত্রে বাঙালির রুচি তৈরি করেছেন রবীন্দ্রনাথ। পোশাকও এর বাইরে নয়।’উদ্বোধনী আনুষ্ঠানের পর ছিল ‘খাপছাড়া’ শীর্ষক ফ্যাশন শো। এতে রবীন্দ্রনাথের বাণী ও প্রতিকৃতি-সংবলিত টি-শার্ট পরে শিশুরা অংশ নেয়। মে মাসজুড়ে এই প্রদর্শনী চলবে। প্রদর্শিত পোশাকগুলোর নকশা করেছেন শিল্পী ধ্রুব এষ, সব্যসাচী হাজরা, চন্দ্র শেখর সাহা, বাহার রহমান প্রমুখ।ঐ মহামানব আসে: রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ‘প্রচ্ছদ’ ফ্যাশন হাউস কবির গান ও কবিতার বাণী এবং প্রতিকৃতি-সংবলিত ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট নিয়ে সপ্তাহব্যাপী ‘ঐ মহামানব আসে’ শিরোনামের প্রদর্শনীর আয়োজন করে। প্রচ্ছদের আজিজ সুপার মার্কেটের বিক্রয়কেন্দ্রে গতকাল বুধবার বিকেলে এর উদ্বোধন করেন কথাশিল্পী ইমদাদুল হক মিলন।ইফ্ফাত আরা দেওয়ানের ‘খেলে যায় রৌদ্র ছায়া’বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে রবীন্দ্রসংগীতশিল্পী ইফ্ফাত আরা দেওয়ানের ‘খেলে যায় রৌদ্র ছায়া’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে ১০ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। প্রধান অতিথি থাকবেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন শিল্পী মনিরুল ইসলাম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। বুধবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনী উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ইফ্ফাত আরা দেওয়ান ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। প্রদর্শনীতে ৪২টি শিল্পকর্ম স্থান পাবে। চলবে ১৫ মে পর্যন্ত।