কাল থেকে শাস্ত্রীয় সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ জাকির হোসেন,
পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ জাকির হোসেন,

নভেম্বর মাসের ঢাকা মহানগর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। একের পর এক উৎসবে মেতে উঠেছে শহরটা। কাল ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে এ মাসের শেষ বড় উৎসবটি—বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসব নামেই তার পরিচয়। এটি উৎসবের চতুর্থ আয়োজন। এ আয়োজন এরই মধ্যে প্রমাণ করেছে, শাস্ত্রীয় সংগীতের প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর। প্রতিবারের মতো এবারও অনলাইন আর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে নিবন্ধন করা গেছে। নিবন্ধনকারীদের সংখ্যা শুনলে মাথা ঘুরে যাবে।
যাঁরা বিগত তিন বছর খুব কাছ থেকে এ উৎসব দেখেছেন কিংবা টেলিভিশনের পর্দায় রেখেছেন চোখ, তাঁরা এ বছরের শিল্পীতালিকা দেখে এখনই সুরের মূর্ছনায় হারিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন।

কৌশিকি চক্রবর্তী ও পণ্ডিত অজয় চক্রবর্তী,
কৌশিকি চক্রবর্তী ও পণ্ডিত অজয় চক্রবর্তী,

এ উৎসবে প্রথম দিনই কৌশিকি চক্রবর্তী গান করবেন। জয়াপ্রদা রামমূর্তি কর্ণাটকি বাঁশি শোনা যাবে। এবারই প্রথম তিনি উৎসবে যোগ দিচ্ছেন। শিব কুমার শর্মার ছেলে রাহুল শর্মার সন্তুরও শোনা যাবে এদিন। বিদুষী বম্বে জয়শ্রীর কণ্ঠ শুনতে পাবেন শেষ পরিবেশনা হিসেবে। অনেকেই জানেন, তিনি অস্কার মনোনয়ন পেয়েছিলেন। তবে উৎসবের শুরুতেই পল্লবী ডান্স সেন্টারের ভরতনাট্যম, পরম্পরা সংগীতালয়ের তবলা কীর্তনেও চোখ-কান আরাম পাবে।

শুভা মুদগাল, ওস্তাদ রশিদ খান
শুভা মুদগাল, ওস্তাদ রশিদ খান

পাঁচ দিনব্যাপী এই উৎসবে অংশ নিচ্ছেন যাঁরা, তাঁদের সবার নাম ও পরিবেশনার দিনটি জেনে নিতে পারবেন আজকের ‘আনন্দ’র তৃতীয় পৃষ্ঠায়। তবে এ বছরই প্রথম আসছেন, এমন আরও কয়েকজনের কথা এখানেই বলে রাখা ভালো। কর্ণাটকি কণ্ঠশিল্পী পদ্মবিভূষণ বালমুরালীকৃষ্ণ এবারের প্রবীণতম শিল্পী। তাঁর সঙ্গে বাঁশিতে যুগলবন্দী বাজাবেন অ্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া শিল্পী রনু মজুমদার। জনপ্রিয় খেয়ালিয়া শুভা মুদগালের কণ্ঠ শুনতে পাবেন উৎসবের তৃতীয় দিনে। ভারতের জি বাংলা ‘সা রে গা মা পা’র এবারের আয়োজনে অন্যতম বিচারক তিনি। আসছেন শ্রুতি সাদোলিকার, ওস্তাদ ওয়াসিফউদ্দিন ডাগর। এন রাজমের নেতৃত্বে আসছেন কর্ণাটকি ধারার তিন প্রজন্মের বেহালাশিল্পীরা। উৎসবে নতুন যন্ত্র হিসেবে এবার দেখা যাবে সরস্বতী বীণা, যেটি বাজাবেন জয়ন্তী কুমারেশ।
এ উৎসব এতই বৈচিত্র্যময় যে কোনটা রেখে কোনটার কথা বলা হবে, তা নিয়েই সমস্যায় পড়ে যেতে হয়। পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত উলহাস কাশালকর, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, শুভায়ু সেন মজুমদার, ওস্তাদ সুজাত খান, ওস্তাদ ইরশাদ খানসহ আর যে নামগুলো আছে পরিবেশনার তালিকায়, তা আপনার মন ভাসিয়ে দেবে উৎসবের স্রোতোধারায়।
আর কেউ না বললেও বিলক্ষণ বলে দেওয়া যায়, এ উৎসবের অন্যতম আকর্ষণ ওস্তাদ জাকির হোসেন। উৎসবের চতুর্থ দিনের শেষ পরিবেশনা এই তবলাশিল্পীর। তবলার বোলে যিনি দর্শক-শ্রোতাকে নিয়ে যেতে পারেন অসীম, অপার্থিব, মোহময় এক জগতে!
আর মাত্র এক দিন অপেক্ষা! এরপর পাঁচটি দিন কীভাবে কেটে যাবে, তা নিয়েই সংগীতপ্রেমী মানুষের দিন-রাত এক হয়ে গেছে।