কাল থেকে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদাতিক নাট্য সংসদের (টিএসসি) প্রয়াত সভাপতি সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯৪তম জন্মদিন ১১ এপ্রিল। এ উপলক্ষে ‘পদাতিক নাট্য সংসদ-টিএসসি’ আয়োজন করতে যাচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান’।

আগামীকাল সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকবে উদ্বোধনী আয়োজন। চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এটি সংগঠনটির অষ্টম আয়োজন। এই আয়োজনে ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারকপ্রাপ্ত ব্যক্তিরা প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে এবারের উত্সবের উদ্বোধন করবেন।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে উৎসবের বিস্তারিত তুলে ধরেন দলের অন্যতম সদস্য শামছি আরা সায়েকা। এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ মোসলেহ উদ্দিন, মোমিনুল হক, ওয়াহিদুল ইসলাম ও হামিদুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এই আয়োজনে দেশের ও দেশের বাইরের ১০টি দল অংশ নিচ্ছে। এ বছর নাটকে অবদান রাখার জন্য ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’ দেওয়া হবে এস এম সোলায়মান (মরণোত্তর) ও লাকী ইনামকে।