কাল থেকে ‘আমার বন্ধু রাশেদ’
একটি ছোট ছেলের চোখে দেখা ১৯৭১ সালের স্বাধীনতাসংগ্রামের ইতিহাস নিয়ে তৈরি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ। মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধের শিশুতোষ চলচ্চিত্রটি বানিয়েছেন মোরশেদুল ইসলাম। কথা ছিল,আমার বন্ধু রাশেদ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৫ মার্চ। কিন্তু বিশ্বকাপ ক্রিকেটের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। গতকাল ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল। আগামীকাল ১ এপ্রিল এটি মুক্তি পাবে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও মনন চলচ্চিত্র।ছবিটির পরিচালক মোরশেদুল ইসলাম জানান, প্রায় দেড় বছর আগে শুটিং হয়েছে এ ছবির। এর বিভিন্ন দৃশ্যের চিত্রগ্রহণ হয়েছে মূলত দিনাজপুরে। ওই সময়ের কোনো উল্লেখযোগ্য ঘটনা মনে করতে না পারলেও ছবির গল্পের বিস্তারিত জানিয়েছেন মোরশেদুল ইসলাম। তিনি জানান, প্রেক্ষাপট হিসেবে বেছে নেওয়া হয়েছে মফস্বলের ছোট একটা শহর। আর চরিত্রগুলো হচ্ছে কয়েকজন স্কুলছাত্র। মূল চরিত্র রাশেদ হঠাৎ স্কুলে হাজির হয়। তার নাম আসলে রাশেদ নয়, স্কুলের শিক্ষক তাঁর ছাত্রদের নিয়ে রাশেদকে এই নামটি দিয়েছিলেন। ছবিতে দেখা যায়, একাত্তরের উত্তাল দিনগুলো যখন ছোট ছোট ছেলেরা বুঝতে পারছে না, রাজনীতিসচেতন রাশেদ তখন ঠিক তার মতো করে সেটা সবাইকে বুঝিয়ে দিচ্ছে।একসময় পাকিস্তানি সেনাবাহিনী দেশটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং একদিন এই ছোট শহরেও তারা এসে হাজির হয়। ভয়ংকর এক ধ্বংসলীলার সাক্ষী হয়ে থাকে রাশেদ। স্বাধীনতাসংগ্রামের শুরুতে মুক্তিবাহিনীকে সাহায্য করার জন্য এগিয়ে আসে সে। সঙ্গে কয়েকজন বন্ধু। সম্মুখযুদ্ধে বন্দী হয়ে যায় তাদের পরিচিত একজন মুক্তিযোদ্ধা। একদিন রাশেদ ও তার বন্ধুরা তাকে মুক্ত করে নিয়ে আসে নিশ্চিত মৃত্যুর হাত থেকে।কিন্তু যুদ্ধের ডামাডোলে রাশেদ ও তার বন্ধুদের একসময় বিচ্ছিন্ন হয়ে যেতে হয়। রাশেদ আরও গভীরভাবে জড়িয়ে পড়ে যুদ্ধে। দেশ স্বাধীন হওয়ার পর সব বন্ধু যখন আবার একত্র হয় ছোট্ট শহরটিতে, তারা আবিষ্কার করে রাশেদ নামের বিচিত্র ছেলেটি আর নেই। কিন্তু রাশেদের স্মৃতি তার বন্ধুদের হূদয়ে বেঁচে থাকে চিরদিন।১০০ মিনিট দৈর্ঘ্যের ছবিটির চিত্রনাট্য লিখেছেন মোরশেদুল ইসলাম ও বরকত উল্লাহ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, গাজী রাকায়েত, ওয়াহিদা মল্লিক, আরমান পারভেজ মুরাদ, হুমায়রা হিমু, এনামুল হক চৌধুরী, জয়িতা আফনান, রায়হান ইফতেশাম চৌধুরী, রিফায়েত জিন্নাত, ফাইয়াজ বিন জিয়া, লিখন রাহী, কাওসার আবেদিন, কাজী রায়হান প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।