কাল থেকে 'ঢাকা ড্রিম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রসূন রহমান
প্রসূন রহমান

ঢাকা শহরে গড়ে প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে ১ হাজার ৪১৮ জন। এই তথ্য প্রথম আলো পত্রিকায় ২০১৪ সালের ২৪ জুনে প্রকাশিত এক জরিপের। এই ১ হাজার ৪১৮ জন থেকে সম্ভাব্য ১১ জন মানুষের গল্প নিয়ে নির্মাতা প্রসূন রহমান তৈরি করছেন চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’।
প্রসূন রহমানের প্রথম চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’র সঙ্গে তাঁর নতুন ছবির গল্পের কোনো মিল নেই। ‘ঢাকা ড্রিম’ ছবির গল্পে আছে অন্ধ ভিক্ষুক, রিকশাচালক, নরসুন্দর, স্বামী পরিত্যক্তা নারী, যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, খুনি, বাদামবিক্রেতা, টেলিভিশনের রিয়েলিটি শোতে সুযোগ পাওয়া একজন প্রতিযোগী এবং নদীভাঙনে গৃহহারা একটি পরিবার।
কাল রোববার মানিকগঞ্জে শুরু হচ্ছে এ ছবির দৃশ্য ধারণের কাজ। পরিচালক প্রসূন রহমান জানিয়েছেন, ‘ঢাকা ড্রিম’ প্রত্যন্ত অঞ্চল থেকে জীবিকার প্রয়োজনে ঢাকার পথে পাড়ি জমানো কিছু প্রান্তিক মানুষের গল্প।
প্রসূন রহমান বলেন, ‘প্রথমবারের মতো ঢাকার দিকে যাত্রা করা নানা পেশার কিছু মানুষের ঢাকায় আসার পেছনের কারণ আর যাত্রার দিনের অন্য রকম এক ভ্রমণ অভিজ্ঞতার গল্প।’
প্রসূন জানিয়েছেন, ঢাকা শহরে প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে মানুষের। আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী বসবাসযোগ্যতার মানের দিক থেকে এ শহরের অবস্থান অনেক নিচে, কিন্তু তারপরও এখানে আসা মানুষের ঢল থামছে না, থামানো যাচ্ছে না। হয়তো জীবিকার প্রয়োজনে এ দেশের মানুষের কাছে ঢাকায় আসা ছাড়া আর কোনো বিকল্প নেই। কেউ যেমন আসছে জীবিকার প্রয়োজনে। তেমনি কেউবা আসছে উচ্চশিক্ষার প্রয়োজনে, কেউ আসছে নদী ভাঙনের শিকার হয়ে। যারা আসছে তাদের কেউই আর ফিরে যাচ্ছে না, ফিরে যেতে পারছে না। রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, এমনকি শিল্প-সাহিত্য-সংস্কৃতিসহ সবকিছুরই কেন্দ্রস্থল এখানে। সবকিছুর ভারেই পদানত এই নগরী। এই স্বপ্ন আর স্বপ্নভঙ্গের শহর নিয়ে ধারাবাহিক তিনটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ঢাকা ট্রিলজি’ শিরোনামে এই চলচ্চিত্রগুলোতে সময়কে ধরার চেষ্টা করা হচ্ছে।
প্রসূন রহমান আরও জানান, ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রে ‘আয়নাল ফকির’ নামের রহস্যময় এক অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এ ছাড়া জীবিকার সন্ধানে এবং নানামুখী স্বপ্ন পূরণে ঢাকায় আসার জন্য পথে নামা আরও কয়েকজন প্রান্তিক মানুষের চরিত্রে অভিনয় করছেন নওশাবা, শাহাদাত হোসেন, মুনিরা মিঠু, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, ফজলুল হক, জয়নাল জ্যাক, মনোজ প্রামাণিক ও সেরা জামান।

এ ছবির অন্যান্য চরিত্রে দেখা যাবে আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, অশোক ব্যাপারী, জয়িতা মহলানবিশ, কাজী শিলা, শারমিন আঁখি, খোরশেদ আলম, হামিদুর রহমান, স্পর্শা, জামাল রাজাসহ আরও অনেককে।
‘ঢাকা ড্রিম’ ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন কুমার বিশ্বজিৎ। এরই মধ্যে দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী ও মমতাজ।